'সোনালি ধান দেহি মন ভরি যারগই'
‘শীতর সকালে মাঠভর্তি সোনালি ধান দেহি আঁরার মন ভরি যারগই। এরইম্যা ধান আগে হনদিন নদেহি। বাজারত ধানর দামঅ বেশি। তাই চাষিঅলর ঘরত আনন্দ-ফুর্তি চলের। ধান কাটার পুরা সময় এই আনন্দ ফুর্তি চলিব।’
গতকাল শনিবার সকালে কক্সবাজারের উখিয়া উপজেলার সোনারপাড়ার চাষি নুরুল আমিন (৫৫) এসব কথা বলেন। তিনি এবার দেড় হেক্টর জমিতে আমনের চাষ করে প্রায় ২০ মেট্রিক টন ধান উৎপাদন করেন।
উপজেলার জালিয়াপালং, রাজাপালং, মরিচ্যা, কোটবাজার গ্রাম ঘুরে দেখা গেছে, সবুজ মাঠ সোনালি ধানে ভরপুর। কিছু গ্রামে ইতিমধ্যে ধানকাটা শেষ হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা ইউসুফ ভুইয়া বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার আমনের বাম্পার ফলন হয়েছে। উপজেলায় আট হাজার ৮০০ হেক্টর জমিতে এবার ২৩ হাজার ২০০ মেট্রিক টন চাল উৎপাদনের আশা করা হচ্ছে।
টেকনাফের জাদীমুরা গ্রামের চাষি গোলাম রহমান (৪৫) বলেন, বাম্পার ফলনের কারণে এবার প্রতি হেক্টর জমিতে ১৪ মেট্রিক টনের বেশি ধান পাওয়া গেছে, যা থেকে পাওয়া গেছে পাঁচ মেট্রিক টন চাল। বাজারে প্রতি কেজি নতুন চাল বিক্রি হচ্ছে ৩৫-৪৫ টাকায়। গত বছর প্রতি হেক্টরে চাল পাওয়া গেছে চার মেট্রিক টন করে।
রামু উপজেলার রাজারকুল গ্রামের চাষি মমতাজুল ইসলাম (৪২) বলেন, তামাক চাষ বাদ দিয়ে তিনি তিন বছর ধরে আড়াই হেক্টর জমিতে ধান চাষ করে লাভবান হচ্ছেন। বাজারে ধান বিক্রি হচ্ছে কেজি ১৯-২২ টাকায়।
কৃষি অফিস সূত্র জানায়, জেলার আটটি উপজেলায় এবার ৭৬ হাজার ৩৫০ হেক্টর জমিতে আমনের চাষ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে তিন হাজার ৭১ হেক্টর বেশি। এসব জমিতে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯০ হাজার ৭৯১ মেট্রিক টন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক মো. নুরুল আবছার বলেন, ‘এবার উৎপাদিত ছয় লাখ ৩০ হাজার মেট্রিক টন ধান থেকে দুই লাখ ১০ হাজার মেট্রিক টন চাল পাওয়ার আশা করছি, যা গত বছরের তুলনায় ১২ হাজার মেট্রিক টন বেশি। পোকামাকড় দমন ও চাষের ক্ষেত্রে বিশেষ নজর রাখায় এ সাফল্য। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে মাঠের ধান কাটা শেষ হবে।’
উপসহকারী কৃষি কর্মকর্তা আশীষ কুমার বলেন, জেলার ২৩ লাখ মানুষের জন্য বার্ষিক চালের দরকার হয় তিন লাখ ৯০ হাজার মেট্রিক টন। কিন্তু জেলায় আমন ও বোরো মৌসুমে চাল উৎপাদিত হয় চার লাখ ৩০ হাজার মেট্রিক টন। কিন্তু অতিরিক্ত পাঁচ লাখ রোহিঙ্গার কারণে চালের ঘাটতি দেখা দেয়।