‘সৌন্দর্যপিয়াসী’ আ.লীগ নেতা
ফরিদপুরে সরকারি পুকুরের অংশবিশেষ ভরাট করে বাগান, বসার জন্য সিমেন্টের তিনটি স্থায়ী বেঞ্চ ও শণের একটি ছাউনি তুলেছেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা। বিষয়টি স্বীকার করে ওই নেতা বলেছেন, ‘দখল নয়, সৌন্দর্যবর্ধন ও এলাকাবাসীর উপকারের জন্য এ স্থাপনা নির্মাণ করেছি।’ঘটনাটি ঘটেছে ফরিদপুর শহরের লক্ষ্মীপুর মহল্লার আল-আমীন সড়কে। মহল্লার বসিন্দা আট নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন তাঁর বাড়ির সামনে গণপূর্ত বিভাগের মালিকানাধীন পুকুরের অংশবিশেষ ভরাট করে এ স্থাপনা নির্মাণ করেছেন।বুধবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, লক্ষ্মীপুর মহল্লার আল-আমীন সড়কের পূর্বপাশে বিল্লাল হোসেনের বাড়ির বিপরীতে ওই সড়কের পশ্চিম পাশে শতবর্ষের পুরোনো এক একর ৩০ শতাংশ আয়তনের ওই পুকুরটির অবস্থান। পুকুরের বিল্লালের বাড়ির সামনের অংশের আনুমানিক ৬০ ফুট দৈর্ঘ্য ও ৪০ ফুট প্রস্থের অংশ মাটি দিয়ে ভরাট করে ফেলা হয়েছে। সেই ভরাট অংশের দক্ষিণ দিকে একটি শণের দোচালা ছাউনি তোলা হয়েছে। ওই ছাপরার মধ্যে গোলাকার আকারের তিনটি সিমেন্টের স্থায়ী বেঞ্চ ও মাঝে সিমেন্টের একটি স্থায়ী টেবিল নির্মাণ করা হয়েছে। ভরাট অংশের উত্তর পাশে নানা ধরনের পাতাবাহার ও ফুলের গাছ লাগানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন বাসিন্দা জানান, বিল্লাল ও তাঁর ভাই আট নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন ছয় মাস আগে বাড়ির কাজ করার সময় মাটি দিয়ে পুকুরের ওই অংশটি ভরাট করেন। এক মাস আগে স্থাপনাগুলো নির্মাণ করা হয়।পুকুরের অংশবিশেষ ভরাট করে স্থাপনা নির্মাণের কথা স্বীকার করে মো. বিল্লাল হোসেন বলেন, ‘দখল নয়, সৌন্দর্যবর্ধন ও এলাকাবাসীর উপকারের জন্য এ স্থাপনা করেছি। এটি আমরা ছাড়াও এলাকায় যে কেউ ব্যবহার করতে পারে। বৃষ্টির সময় পথচারীরা বিশ্রাম নিতে পারেন।’এলাকাবাসী জানায়, সরকারি ওই পুকুরটির দক্ষিণ পাশের পার ধরে ছয়টি পরিবার পুকুরের ভেতরে বাঁশের খুঁটি পুঁতে অস্থায়ী টংঘর তৈরি করে বসবাস করছে। তারা মাটি দিয়ে পুকুরের কোন অংশ ভরাট করেনি।আট নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আ. জলিল শেখ বলেন, মো. বিল্লাল হোসেন আট নম্বর ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি। তবে ওয়ার্ড আওয়ামী লীগের নবগঠিত কমিটিতে তিনি সাংগঠনিক সম্পাদক হয়েছেন, যদিও ওই কমিটি চূড়ান্ত অনুমোদন পায়নি।ফরিদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী গাজী শওকত আলী বলেন, আমাদের পুকুরের কিছু অংশ ভরাট করে বাগান ও স্থাপনা নির্মাণের বিষয়টি তাঁদের গোচরে এসেছে। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।