‘স্কুলও আইতাম পারি না, খেলা করতাম পারি না’
পঞ্চম শ্রেণীর ছাত্র মো. কাঞ্চন মিয়ার সহজ উচ্চারণ, ‘স্কুলও পানি থাকে। ঠিকমতো স্কুলও আইতাম পারি না। খেলাধুলার জায়গা নাই। খেলাধুলা করতাম পারি না।’ এ কথা শুধু কাঞ্চনের একার নয়। জেলার রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের কাওয়াদীঘি হাওরপাড়ের ১১ নম্বর ইসলামপুর নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সব শিক্ষার্থীর। বর্ষাকালে প্রায় পাঁচ থেকে ছয় মাস বিদ্যালয়কে ঘিরে থাকে থইথই পানি। প্রবেশপথ অধিকাংশ সময় পানিতে ডুবে থাকে। বিদ্যালয় ভবন থেকে পা বাড়ালেই পানি। এর ফলে বিদ্যালয়ে তখন ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় অর্ধেকে নেমে আসে। অপরদিকে বিদ্যালয়টিতে আছে শিক্ষকস্বল্পতা, বেঞ্চ ও শ্রেণীকক্ষ, টয়লেট ও খেলাধুলার মাঠের সংকট। দাঁড়ানোর জায়গা না থাকায় জাতীয় সংগীত ও শরীরচর্চা বন্ধ থাকে।বিদ্যালয়টিতে এখন ছাত্রছাত্রীর সংখ্যা তিন শতাধিক। বিদ্যালয়ে ছয়জন শিক্ষকের পদ আছে। কিন্তু প্রধান শিক্ষক ও দুজন সহকারী শিক্ষকের পদ অনেক দিন ধরে খালি। ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে একটি অফিসকক্ষ, একটি শিক্ষক মিলনায়তন ও তিনটি শ্রেণীকক্ষ রয়েছে। সব ছাত্রছাত্রী বিদ্যালয়ে উপস্থিত হলে তখন স্থান সংকুলান হয় না। এ ছাড়া আছে বেঞ্চ সংকট। বিদ্যালয় ভবনের বাইরে খালি জায়গা নেই। তাই বিদ্যালয়ে থাকাকালীন তাদের শ্রেণীকক্ষ ও বারান্দাতেই ছোটাছুটি করতে হয়। এই বিদ্যালয়টিতে এলাকার কাশিমপুর, ইসলামপুর, নওয়াগাঁও ও মোহাম্মদপুর এই চারটি গ্রামের শিক্ষার্থীরা পড়াশোনা করে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ দেব প্রথম আলোকে বলেন, ‘বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ তিনজন শিক্ষকের পদ শূন্য। আর বিদ্যালয়ে শুধু ভবনটি আছে। এর বাইরে কোনো জায়গা নেই। ছাত্রছাত্রীদের বিনোদনের কোনো সুযোগ নেই।’রাজনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল জলিল তালুকদার বলেন, ‘হাওরাঞ্চলের অধিকাংশ স্কুলেই পানি থাকে। তবে আমরা এই স্কুলটিসহ উপজেলার যেসব স্কুল ভবন জরাজীর্ণ, উপজেলা শিক্ষা কমিটির মাধ্যমে তার একটি তালিকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠিয়েছি। অনুমোদন মিললে তখন এলজিইডি (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) ভবন করে দেবে।’ তিনি জানান, সরকার সাধারণত বিদ্যালয়ের ভবন নির্মাণ করে দিয়ে থাকে। মাঠ বা রাস্তা এসব স্থানীয় জনসাধারণ বা জনপ্রতিনিধিরা করে দিয়ে থাকেন।