'স্কুলের মধ্যেও দুর্গন্ধে টেকা দায়'
‘একটু দম ফেলব সেই অবস্থা নেই। মনে হয় দম আটকে মরে যাচ্ছি। স্কুলের মধ্যেও দুর্গন্ধে টেকা দায়।’ কথাগুলো বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সিনথিয়ার। স্কুলটি নগরের বগুড়া রোডে অবস্থিত। স্কুলের মূল ফটকের পূর্ব পাশে বর্জ্যের স্তূপ। সেখানে মশা-মাছি ভন ভন করছে। এর পাশ দিয়ে শিক্ষার্থীরা নাক চেপে যাতায়াত করছে।
বরিশাল সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা বকেয়া বেতন-ভাতার দাবিতে ছয় দিন ধরে কর্মবিরতি পালন করছেন। এর অংশ হিসেবে পরিচ্ছন্নতাকর্মীরা বর্জ্য অপসারণ করছেন না। নগরের সড়ক, অলিগলিতে জমছে বর্জ্যের স্তূপ। দুর্গন্ধে নাকাল হয়ে পড়েছেন নগরবাসী।
নগরের বিভিন্ন এলাকার লোকজন বলছেন, গত সোমবার থেকে কর্মবিরতি চলছে। ওই দিন থেকে পরিচ্ছন্নতাকর্মীরা নগরের বর্জ্য অপসারণসহ সব ধরনের কাজ বন্ধ রেখেছেন। দুর্গন্ধে তাঁদের দম বন্ধ হওয়ার উপক্রম। খুব শিগগির এই অবস্থা থেকে মুক্তি মিলবে বলে তাঁরা মনে করছেন না। কারণ, শুক্রবার আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারী নেতারা সংবাদ সম্মেলন করে বলেছেন, তাঁদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান কর নির্ধারক কাজী মোয়াজ্জেম হোসেন।
গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সড়কগুলোর পাশে বর্জ্যের দুর্গন্ধে পথচারীরা কেউ নাক চেপে, কেউ নাকে রুমাল দিয়ে যাচ্ছেন। ময়লার দুর্গন্ধে নাকাল নগরের কালীবাড়ি সড়কের বিএম স্কুল, গির্জা মহল্লার একে স্কুল, বিএম কলেজ, সরকারি বরিশাল কলেজ এলাকার শিক্ষার্থীরাও। বিএম স্কুলের মূল ফটকের একটু পূর্ব দিকে বিশাল ময়লার স্তূপ। গির্জা মহল্লার একে স্কুলের মূল ফটকের সামনেও ময়লার স্তূপ। এই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র জাহিদ হাসান ও রাব্বি ইসলাম বলে, আরও দু-এক দিন এই অবস্থা থাকলে বিদ্যালয়ে আসা বন্ধ করে দিতে হবে।
কেবল জীবনযাপনে নয়, ব্যবসা-বাণিজ্যেও দেখা দিয়েছে চরম মন্দাভাব। দুর্গন্ধে পরিবেশ বিষিয়ে ওঠায় দোকানগুলোতে তেমন ক্রেতা আসছেন না। ‘এটা কেমন শহর, যেখানে ছয় দিন ধরে ময়লায় সয়লাব থাকে?’ প্রশ্ন গির্জা মহল্লা এলাকার ওষুধ ব্যবসায়ী মীরবহর মঞ্জু মিয়ার। ক্ষোভের সুরে তিনি বললেন, ‘সকালে এসে দোকান খোলার পর পেটটা কেমন মোচড় দেয়। বমি আসে দুর্গন্ধে। ছয় দিন ধরে দোকানে কোনো কাস্টমার এসে একদণ্ড দাঁড়াতে পারেন না, অসহনীয় দুর্গন্ধে নাক চেপে ধরে দোকান থেকে বের হয়ে যান। দোকানে বেচাবিক্রি কমে গেছে। এভাবে একটা শহর চলে?’ ফজলুল হক অ্যাভিনিউ এলাকার হোটেল কর্মচারী রমেশ দাস বলেন, ‘ছয় দিন ধরে হোটেলে বেচাবিক্রি কমে গেছে। নিজেরাই এখানে টিকতে পারি না, ক্রেতা আসবে কীভাবে!’ শুধু সড়ক আর গলিই নয়, বর্জ্যে সয়লাব হয়ে গেছে নগরের আবাসিক এলাকাগুলোও। ব্রাউন কম্পাউন্ড এলাকার গৃহিণী দুলসাত বীথি বলেন, ‘ছয় দিন ধরে গৃহস্থালির ময়লাও নিচ্ছে না পরিচ্ছন্নতাকর্মীরা। ফলে সমস্যার অন্ত নেই।’
সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগ বলছে, নগরের পরিধি ও জনসংখ্যা আগের চেয়ে বেড়ে যাওয়ায় এখন প্রতিদিন ৫০-৬০ টন ময়লা জমা হচ্ছে। এই ময়লা ফেলা হতো নগরের কাউনিয়া এলাকার পুরানপাড়ায় সিটি করপোরেশনের নির্ধারিত ভাগাড়ে। কিন্তু ছয় দিন ধরে পরিচ্ছন্নতাকর্মীরা তাঁদের বকেয়া বেতন-ভাতার দাবিতে ধর্মঘট করায় এসব বর্জ্য এখন পড়ে থাকছে সড়ক ও অলিগলিতে।
পরিচ্ছন্নতা কর্মকর্তা দীপক লাল মৃধা বলেন, মেয়র বারবার আশ্বাস দেওয়ার পরও বকেয়া বেতন-ভাতা পরিশোধ করা হয়নি। এ জন্য কর্মকর্তা-কর্মচারীরা ন্যায্য দাবি আদায়ে আন্দোলনে নেমেছেন।
মেয়র আহসান হাবিব কামাল বলেন, ‘করপোরেশনের রাজস্ব আয় থেকে কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়া হয়। বর্তমানে রাজস্ব আয় পর্যাপ্ত নয়। তা ছাড়া আমি মেয়রের দায়িত্ব নেওয়ার পর মাত্র এক মাসের বেতন বকেয়া পড়েছে। এ জন্য এভাবে নগরবাসীকে জিম্মি করা অমানবিক। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।’