‘স্টুডেন্ট কনসালটেন্সি’র আড়ালে মাদক ব্যবসা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবাই জানে ‘স্টুডেন্ট কনসালটেন্সি ফার্ম’। উচ্চশিক্ষার্থে বিদেশ যেতে পরামর্শ দেওয়া হয়। কিন্তু আড়ালে চলছিল মাদক ব্যবসা। গত বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে কথিত ‘কনসালটেন্সি ফার্ম’ থেকে ৫৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। ফেনসিডিল তিনটি কার্টনের মধ্যে আলমারিতে রাখা ছিল। পুলিশ রাতেই পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার পাঁচজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।সিলেটের বিমানবন্দর থানা সূত্র জানায়, আম্বরখানা এলাকায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সড়কের পাশে অভিজাত বিপণিবিতান ‘সিলেট প্লাজা’। সেখানকার তিনতলার একটি কক্ষে স্টুডেন্ট কনসালটেন্সি ফার্ম নাম দিয়ে দোকান ভাড়া নেওয়া হয়। প্রায় তিন মাস ধরে ফার্ম খোলা হলেও সেখানে দিনের বেলায় কেউ থাকে না। কিন্তু সন্ধ্যার পর বিশেষ করে তরুণদের আনাগোনা বেড়ে যায়। স্থানীয় লোকজন এ বিষয়ে পুলিশকে অবহিত করলে গত বুধবার রাত প্রায় নয়টায় বিমানবন্দর থানার পুলিশ অভিযান চালায়। পুলিশ কনসালটেন্সি ফার্মের তিনটি কক্ষে আলমারি তল্লাশি করে আটককৃত বাক্সে ৫০০ বোতল ফেনসিডিল পায়। টেবিলের নিচে ছড়িয়ে থাকা আরও ৬০ বোতল ফেনসিডিল ও প্রায় আধা কেজি গাঁজা দেখে পুলিশ কৌশলে ভূমিকা নিয়ে পরিচালকসহ পাঁচজনকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, ফার্মের পরিচালক আম্বরখানা এলাকার বাসিন্দা মাহমুদুল হক চৌধুরী (৩৪), সুবিদবাজারের হাসান মাহমুদ (৩৬), মজুমদারি এলাকার মোহাম্মদ হানিফ (২৮), কাজীটুলার ইকবাল উদ্দিন (৪৩) ও চৌকিদেখির হারুনুর রশিদ (৪০)।মাহমুদুল হক ছাড়া বাকি চারজনই সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের পাথর ব্যবসায়ী বলে পুলিশের কাছে পরিচয় দেন। পাশাপাশি তাঁরা কনসালটেন্সি ফার্মের সঙ্গে সম্পৃক্ত। তবে তাঁদের ফার্ম থেকে উদ্ধার করা মাদক কার—এ ব্যাপারে তাঁরা কিছু বলেননি। পুলিশ মাদকদ্রব্য উদ্ধার করে রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করেছে।গ্রেপ্তারের পর মাহমুদ ফার্মের পরিচালক বলে স্বীকার করেন। তাঁদের এ ফার্ম ঢাকার একটি কনসালটেন্সি ফার্মের শাখা বলে জানান। তাঁরা পাঁচজন মিলে প্রায় তিন মাস হয়েছে এই ফার্ম খুলেছেন বলে পুলিশকে জানান।সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, স্টুডেন্ট কনসালটেন্সি ব্যবসার আড়ালে মাদক ব্যবসা চলছিল বলে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে। অভিনব পন্থায় মাদক ব্যবসার সঙ্গে আর কোনো ব্যবসাপ্রতিষ্ঠানের যোগাযোগ আছে কি না—এ ব্যাপারে পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ ঘটনায় মাদক আইনে মামলা করে গতকাল আদালতের মাধ্যমে পাঁচজনকে জেলহাজতে পাঠানো হয়েছে।