‘স্টেপ অন টু পেডিয়াট্রিকস’ গ্রন্থের মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুদের চিকিৎসার কাজ সবাই করতে পারেন না। যাঁরা শিশুদের ভালোবাসেন, তাঁদের নিয়ে ভাবেন, তাঁরা সবার চেয়ে আলাদা। শিশুদের স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে সব চিকিৎসকেরই ভাবা প্রয়োজন।গতকাল রোববার ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) সভাপতি অধ্যাপক নাজমুন নাহার ও ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক মো. আবিদ হোসেন মোল্লা রচিত স্টেপ অন টু পেডিয়াট্রিকস গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। ঢাকা মেডিকেল কলেজ এ অনুষ্ঠানের আয়োজন করে। জাতীয় অধ্যাপক এম আর খান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।অনুষ্ঠানে অধ্যাপক নাজমুন নাহার বলেন, বইটি মেডিকেল কলেজের স্নাতক শিক্ষার্থীদের পাঠক্রমের সঙ্গে মিল রেখে করা হয়েছে। বইয়ে শিশুরোগের পাশাপাশি শিশুস্বাস্থ্য বিষয়ে জাতীয় নির্দেশনাগুলোও (গাইডলাইন) দেওয়া হয়েছে।অধ্যাপক মো. আবিদ হোসেন মোল্লা বলেন, ‘এ বইকে আমরা আরও বেশি তথ্যসমৃদ্ধ করতে চাই। বইয়ে যদি কোনো ভ্রান্তি থাকে, তবে তা আমাদের জানাবেন।’জাতীয় অধ্যাপক এম আর খান বলেন, স্নাতক শিক্ষার্থীদের তো অবশ্যই, সাধারণ চিকিৎসকের কাছেও বইটি সব সময় থাকা প্রয়োজন। বইটিতে শিশুরোগ বিষয়ে উপসর্গ ধরে ধরে আলোচনা করা হয়েছে।বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মাহমুদ হাসান বলেন, সাধারণ চিকিৎসকদের কাছে বইটি পৌঁছে দেওয়া প্রয়োজন। কেননা খুব কম মানুষই শিশু বিশেষজ্ঞদের কাছে আসতে পারে।ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগের প্রধান অধ্যাপক এম এখলাসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ কাজী দীন মোহাম্মদ, উপাধ্যক্ষ মো. ইসমাইল খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর চিকিৎসাবিজ্ঞান ও গবেষণা অনুষদের ডিন মো. মারগুব হোসাইন, চিকিৎসা অনুষদের ডিন আ ন ম জিয়াউর রহমান প্রমুখ।