'স্টেপ ডাউন' করুন, তাহলে হরতাল প্রত্যাহার: খালেদা

তিন দিনের হরতাল কর্মসূচি প্রত্যাহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে বারবার অনুনয় করেছেন। খালেদা জিয়া হরতাল প্রত্যাহার করে আলোচনায় সাড়া দেননি। দুই নেত্রীর ফোনালাপের যে টেপটি প্রকাশিত হয়েছে, তা থেকে জানা গেছে এই তথ্য।
প্রধানমন্ত্রী বারবার হরতাল প্রত্যাহারের অনুরোধ করেন। তিনি বলেন, ‘আপনি কাল বক্তৃতায় কী বললেন, আর আজ কী বলছেন। আপনি রেকর্ড শুনে দেখেন। আপনি কাল আলটিমেটাম দিলেন। আমি সময়ের মধ্যে ফোন করলাম।’
উত্তরে বিরোধীদলীয় নেতা বলেন, ‘রেকর্ড শুনলেও’ তাঁর পক্ষে হরতাল প্রত্যাহার করে আলোচনায় বসা সম্ভব নয়। ৩০ তারিখের আগে আলোচনা হবে না বলে তিনি জানান। বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে বলেন, ‘নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেন, আপনি “স্টেপ ডাউন” (পদত্যাগ) করুন, তাহলে হরতাল প্রত্যাহার হবে।’
খালেদা জিয়া বলেন, ‘প্রধানমন্ত্রী পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থার লোকজনকে ১৮-দলীয় জোটের নেতাদের পেছনে লাগিয়ে রেখেছেন। তাঁরা ঘর থেকে বেরোতে পারেন না। তাঁদের একত্রিত করে হরতাল প্রত্যাহারের ব্যবস্থা করা সম্ভব না। এ ছাড়া তিনি আলোচনা ও আন্দোলন একসঙ্গে চলবে বলে বক্তৃতায় জানিয়েছেন। ফলে হরতাল প্রত্যাহার করা সম্ভব হবে না।’
টেলিসংলাপে প্রধানমন্ত্রী কথা বলার সুযোগ পেয়েছেন খুব কম। বিরোধীদলীয় নেতা অনেকটা একতরফা কথা বলে গেছেন। খালেদা জিয়াকে একপর্যায়ে তিনি বলেন, ‘আপনি তো আমার কথাই শুনছেন না।’
হরতাল প্রসঙ্গে খালেদা জিয়া প্রধানমন্ত্রীকে স্মরণ করিয়ে দেন, আওয়ামী লীগ বিরোধী দলে থাকার সময় ১৭৩ দিন হরতাল দিয়েছে। উত্তরে প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জানান, ১৯৯৬-২০০১ মেয়াদে বিএনপি হরতাল দিয়েছিল ৩৭৩ দিন।
হরতালে সহিংসতা প্রসঙ্গে প্রধানমন্ত্রী জ্বালাও-পোড়াও করার অভিযোগ তোলেন বিরোধী দলের বিরুদ্ধে। উত্তরে খালেদা জিয়া বলেন, শেখ হাসিনার নির্দেশে বাসে গানপাউডার দিয়ে মানুষ হত্যা করা হয়েছিল, বিশ্বজিেক হত্যা করা হয়েছে। শেখ হাসিনা যখন ২১ আগস্টে গ্রেনেড হামলার কথা তোলেন, তখন খালেদা জিয়া বলেন, তাঁর দল এ কাজ করেনি। হাসিনা আরও বলেন, বিশ্বজিেক যারা কুপিয়েছিল, তাদের গ্রেপ্তার করা হয়েছে, তারা ছাত্রলীগ থেকে বহিষ্কৃত ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে বিএনপি-জামায়াতের সম্পৃক্ততা আছে।
খালেদা জিয়া এসব কথা শুনতেই চাননি, তিনি সব হত্যাকাণ্ডের দায় একাধারে আওয়ামী লীগের ওপর চাপিয়ে যেতে থাকেন। কথোপকথনের একপর্যায়ে শেখ হাসিনা কোরআন শরিফ পোড়ানোর অভিযোগ করেন। তিনি প্রতিদিন নামাজ আদায় ও কোরআন শরিফ তেলাওয়াত করার কথা বলেন। উত্তরে খালেদা জিয়া বলেন, কোরআন শরিফ তাঁরাই (আওয়ামী লীগ) পোড়ান। কারণ তাঁরা কোরআন শরিফ বিশ্বাস করেন না।
কথোপকথনে শেখ হাসিনা ১৫ আগস্ট খালেদা জিয়াকে ‘মিথ্যে জন্মদিন’ পালন না করার অনুরোধ জানান। উত্তরে খালেদা জিয়া বলেন, ‘১৫ আগস্ট কি কেউ জন্ম নিতে পারবেন না।’ বিস্তারিত আসছে...