‘স্টোনক্রাশার মিলে বিদ্যুৎ না দিলে আন্দোলন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কোম্পানীগঞ্জে নতুন স্টোনক্রাশার মিলগুলোতে (পাথর ভাঙার কল) বিদ্যুৎ-সংযোগ না দিলে আন্দোলনে নামার হুমকি দিয়েছেন কোম্পানীগঞ্জের পাথর ব্যবসায়ীরা। গতকাল মঙ্গলবার সিলেটে পাথর ব্যবসায়ীদের তিনটি সংগঠন সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে বলা হয়, ‘কোম্পানীগঞ্জ উপজেলা ছাড়া সিলেট অঞ্চলের সব এলাকায় স্টোনক্রাশার মিলে নতুন বিদ্যুৎ-সংযোগ দেওয়া হচ্ছে। শুধু কোম্পানীগঞ্জের ক্ষেত্রে বিদ্যুতের নতুন সংযোগ বন্ধ রয়েছে। আগামী ৩০ এপ্রিলের মধ্যে কোম্পানীগঞ্জ উপজেলার স্টোনক্রাশার মিলে বিদ্যুৎ-সংযোগ না দিলে আন্দোলন শুরু করা হবে।’ সিলেট জেলা প্রেসক্লাবে দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের আয়োজন করে ‘কোম্পানীগঞ্জ উপজেলা স্টোনক্রাশার মিল মালিক সমিতি।’ এতে উপজেলা পাথর ব্যবসায়ী সমবায় সমিতি ও উপজেলা ট্রাক মালিক সমিতির নেতারা একাত্মতা প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে বক্তব্য পাঠ করেন মালিক সমিতির সদস্য ও কোম্পানীগঞ্জ উপজেলা বিআরডিবির চেয়ারম্যান শাহ মো. জামাল উদ্দিন। উপজেলা স্টোনক্রাশার মিল মালিক সমিতির সভাপতি আবদুন নূর, উপজেলা পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আবদুল জলিল, উপজেলা ট্রাক মালিক সমিতির সভাপতি হুমায়ূন কবির সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে বলা হয়, ‘দেশের সবচেয়ে বড় পাথরকোয়ারি ভোলাগঞ্জ কোম্পানীগঞ্জ উপজেলায় অবস্থান। একে কেন্দ্র করে শ্রমজীবীসহ অসংখ্য মানুষের জীবন ও জীবিকা নির্ভরশীল। পেছনে মূল ভূমিকা রাখছে কোম্পানীগঞ্জের স্টোনক্রাশার মিলগুলো। এ স্টোনক্রাশার মিলগুলো পরিবেশবান্ধব উপায়ে সরকারের সব নিয়মকানুন মেনেই পরিচালিত হচ্ছে। পরিবেশের জন্য ক্ষতিকর না হওয়ায়ই স্টোনক্রাশার মিলগুলোকে বিদ্যুৎ-সংযোগ দিয়ে আসছিল পল্লী বিদ্যুৎ সমিতি। কিন্তু ২০১১ সালের ১২ সেপ্টেম্বর মন্ত্রণালয়কেন্দ্রিক একটি সভা থেকে পরিবেশের জন্য ক্ষতিকর উল্লেখ করে স্টোনক্রাশার মিলগুলোতে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন ও নতুন সংযোগ প্রদান বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।’ সংবাদ সম্মেলন থেকে নতুন বিদ্যুৎ-সংযোগের জন্য ৩০ এপ্রিল সময় বেঁধে দিয়ে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়। তিন সংগঠনের যৌথভাবে ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী ২ মে উপজেলার প্রতিটি স্টোনক্রাশার মিলে ধর্মঘট, ৬ মে এক দিনের জন্য ভোলাগঞ্জের পাথর পরিবহন বন্ধ রাখা এবং ৮ মে পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) আঞ্চলিক কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট। এর মধ্যে বিদ্যুৎ-সংযোগ না দেওয়া হলে সিলেট-কোম্পানীগঞ্জ সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচির কথা বলা হয়।