‘স্থলপথ নয়, জলপথই উন্নয়নের একমাত্র মাধ্যম’—এই বিষয়ে গতকাল বৃহস্পতিবার মানিকগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার্থীদের নিয়ে এক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিশ্ব পানি দিবস (আজ ২২ মার্চ) উপলক্ষে ঘিওর উপজেলার কেল্লাই এলাকায় মনসুর উদ্দিন বহুমুখী উচ্চবিদ্যালয়ে বিতর্ক ছাড়াও চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশ নেয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গবেষণামূলক বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক-এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজকদের দাবি, শিক্ষার্থীদের মাঝে জীবের জীবন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পানির প্রয়োজনীয়তার উপলব্ধির বিষয়টি জাগ্রত করতেই এই আয়োজন। এ উপলক্ষে গতকাল সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয় রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এরপর শুরু হয় বিতর্ক প্রতিযোগিতা। প্রতিযোগিতার বিষয় ছিল ‘স্থলপথ নয়, জলপথই উন্নয়নের একমাত্র মাধ্যম’। এ বিষয়ের পক্ষে ও বিপক্ষে দুই ভাগে বিভক্ত হয়ে যুক্তিতর্ক উপস্থাপন করে বিদ্যালয়ের ছয় শিক্ষার্থী। জয়ী হয় পক্ষের দল। প্রতিযোগিতা উপভোগ করেন অতিথি, শিক্ষক ও অভিভাবকেরা। প্রতিযোগিতা শেষে শুরু হয় আলোচনা সভা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মোনায়েমের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন খান, স্থানীয় পরিবেশ আন্দোলনের অগ্রপথিক দীপক কুমার ঘোষ, নালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল কাদের বিশ্বাস ও বারসিকের জেলা কর্মসূচি কর্মকর্তা মাসুদুর রহমান। তাঁরা নদী-নালা ও খালবিলে পানিস্বল্পতার কারণ ও এর পরিণাম এবং এর সমাধানে ভবিষ্যৎ করণীয় দিক নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে অতিথিরা প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।