'স্থানীয়' সাংসদ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আটকে আছে ১৫ স্কুলকমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্থানীয়’ সাংসদ কে? এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকেরা। এ কারণে ১৫টি বিদ্যালয়ের পূর্ণাঙ্গ পরিচালনা কমিটি গঠনও আটকে আছে।

জয়পুরহাট-২ (আক্কেলপুর-কালাই-ক্ষেতলাল) আসনের বিএনপিদলীয় সাংসদ গোলাম মোস্তফা ও একই আসনের সংরক্ষিত নারী আসনের সাংসদ আওয়ামী লীগদলীয় শাহিন মনোয়ারা হক। সম্প্রতি এই দুই সাংসদ তাঁদের লোককে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর পরিচালনা কমিটিতে বিদ্যোৎসাহী সদস্য করতে পৃথকভাবে ডিও লেটার দিয়েছেন। এ নিয়েই দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন শিক্ষকেরা।

উপজেলার রাজকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অখিল চন্দ্র দাস জানান, গত ৩০ এপ্রিল তাঁর বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদে গোপন ব্যালটে ভোট হয়েছে। এলাকার দুই সাংসদ বিদ্যোৎসাহী দুটি সদস্য পদে চারজনের নামে চিঠি দিয়েছেন। দুই সাংসদই তাঁদের লোকজনকে কমিটিতে অন্তর্ভুক্ত করতে তাঁকে চাপ দিচ্ছেন। দুই পক্ষ সমঝোতায় না পৌঁছায় এখনো পূর্ণাঙ্গ কমিটি করতে পারেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘এক সাংসদের চিঠি প্রাধান্য দিলে অন্য সাংসদের লোকজন মামলা করার হুমকি দিচ্ছেন। আমরা কোন্ সাংসদের চিঠিকে প্রাধান্য দেব, তা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকেও সুনির্দিষ্টভাবে কিছু বলা হয়নি। এ কারণে আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়েছি।’

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার প্রথম আলোকে বলেন, ‘সংবিধান অনুযায়ী ৩০০ আসন থেকে ৩০০ জন সাংসদ নির্বাচিত হন। আমি মনে করি, এটি নির্বাচিত সাংসদের এখতিয়ার; সংরক্ষিত নারী সাংসদের এখতিয়ারের বাইরে।’

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ৫৩টি সরকারি ও ১৪টি রেজিস্টার্ড (সদ্য সরকারি ঘোষিত) প্রাথমিক বিদ্যালয় আছে। সরকারি নিয়ম অনুযায়ী, প্রতিটি বিদ্যালয়ে ১১ সদস্যের একটি ব্যবস্থাপনা কমিটি থাকবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনের ব্যাপারে ‘স্থানীয়’ সাংসদের পরামর্শ নেওয়ার কথা বলা আছে। স্থানীয় সাংসদের পরামর্শক্রমে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুজন বিদ্যোৎসাহী সদস্য কমিটিতে অন্তর্ভুক্ত করবেন। প্রজ্ঞাপনে ‘স্থানীয়’ সাংসদের কথা লেখা থাকায় দুই সাংসদের লোকজনই চাপ দিচ্ছেন।

আক্কেলপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সরোজ কুমার সরকার জানান, এপ্রিল মাস থেকে বিদ্যালয়গুলোতে ব্যবস্থাপনা কমিটি গঠন শুরু হয়েছে। ইতিমধ্যে ২৫টি বিদ্যালয়ে গোপন ব্যালটে অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এলাকার দুই সাংসদই বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির বিদ্যোৎসাহী সদস্য করতে পৃথকভাবে চিঠি (ডিও লেটার) দিয়েছেন। দুই সাংসদের লোকজনের মধ্যে সমঝোতা না হওয়ায় অন্তত ১৫টি বিদ্যালয়ের কমিটিতে বিদ্যোৎসাহী সদস্য অন্তর্ভুক্ত করা যায়নি।