'স্থানীয় সরকারের উন্নয়নে দরকার সমন্বিত আইন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকারের উন্নয়নে সমন্বিত আইন প্রণয়নের ওপর গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞ ব্যক্তিরা। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত মতবিনিময় সভায় এই গুরুত্ব আরোপ করে তাঁরা বলেন, স্থানীয় সরকারের সব কটি প্রতিষ্ঠানে একটি আইনই যথেষ্ট। এতে এক দিনে একই সঙ্গে সব পদের নির্বাচন করা সম্ভব হবে।
সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন ফোরামের সমন্বয়কারী মহসিন আলী। তিনি বলেন, সরকারি এক আদেশের মাধ্যমে উপজেলা পরিষদে হস্তান্তরিত দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পরিষদের ব্যবস্থাপনায় ন্যস্ত করা হয়েছে। বলা হয়েছে, এসব কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা ও অন্যান্য ব্যয়ের হিসাব এখন থেকে চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার যৌথ সইয়ে পরিচালিত হবে। সরকারের এই উদ্যোগ ইতিবাচক।
মহসিন আলী তাঁর বক্তব্যে বলেন, সরকার যথাযথ প্রস্তুতি না নিয়েই দলীয় পরিচয় ও প্রতীকে নির্বাচন করার আইন করেছে। সরকারের ঘন ঘন সিদ্ধান্ত পরিবর্তনে প্রমাণিত হয়েছে, পৌর নির্বাচনের জন্য তারা প্রস্তুত নয়। আইন সংশোধনের আগে তারা অন্য দলগুলোর সঙ্গে পরামর্শ করেনি। এ ধরনের নির্বাচনের জন্য যে ধরনের রাজনৈতিক সংস্কৃতির দরকার, তা নেই। শক্তিশালী নির্বাচন কমিশনও নেই। এ অবস্থায় স্থানীয় সরকারের ক্ষমতা, কর্তৃত্ব, দায়িত্ব, সম্পদের বণ্টন ও অর্থব্যবস্থাপনা সুনির্দিষ্ট করার জন্য সমন্বিত আইনের প্রয়োজন।
ফোরামের চেয়ারপারসন কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, উন্নয়নের জন্য স্থানীয় সরকারের বিকল্প নেই। সে জন্য তাদের ক্ষমতা দিতে হবে এবং উপজেলাকে গণতন্ত্রায়ণের কেন্দ্রে রাখতে হবে।
স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন, এখন যে আইন হয়েছে তাতে স্থানীয় সরকারে মাথা দলীয় এবং শরীর অদলীয় হয়ে পড়েছে। এতে চেয়ারম্যান, মেম্বার, মেয়র, কাউন্সিলর পাওয়া গেলেও পরিষদ পাওয়া যাবে না।