‘স্থায়ী অভয়াশ্রম’ কার্যক্রম নিয়ে প্রশাসন বিপাকে
দেশের বৃহত্তম হাওর হাকালুকির তিনটি জলমহালে ‘স্থায়ী অভয়াশ্রম’ কার্যক্রম নিয়ে প্রশাসনের কর্মকর্তারা বিপাকে পড়েছেন। স্থানীয় জনপ্রতিনিধিরা ওই জলমহালগুলো ইজারা দেওয়ার পক্ষে অবস্থান নেওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলাজুড়ে হাকালুকি হাওর বিস্তৃত। প্রায় ১৮ হাজার হেক্টর আয়তনের এই হাওরে ছোট-বড় শতাধিক জলমহাল আছে। হাওরে মাছের আবাসস্থল এবং জীববৈচিত্র্য রক্ষায় ভূমি মন্ত্রণালয় গত বছর পাঁচটি ও চলতি বছরে আরও ১৩টি জলমহালকে ‘স্থায়ী অভয়াশ্রম’ ঘোষণা করে। সূত্র জানায়, গত ১০ অক্টোবর জুড়ীতে উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির একটি সভা হয়। কমিটির সভাপতি ও ইউএনও মনীষ চাকমার সভাপতিত্বে ওই সভায় বক্তব্য দেন, কমিটির উপদেষ্টা ও মৌলভীবাজার-১ আসনের সাংসদ মো. শাহাব উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মুমিত, সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজমুল ইসলাম প্রমুখ। সভার শুরুতে সাংসদ তাঁর বক্তব্যে স্থায়ী অভয়াশ্রম হিসেবে ঘোষিত হাওরের ‘চাতলা’, ‘চিনাউরা গ্রুপ’ ও ‘চিনাউরা-আগার গ্রুপ’ জলমহাল ইজারা দেওয়ার প্রস্তাব দেন। কমিটির অন্য সদস্যরা এই প্রস্তাব সমর্থন করেন। পরে উল্লিখিত জলমহালগুলো উন্নয়ন প্রকল্পের আওতায় ছয় বছরের জন্য ইজারা দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত হয়।সূত্র জানায়, জুড়ী ভ্যালি মৎস্যজীবী সমিতি ‘চাতলা’, কালনীগড় মৎস্যজীবী সমবায় সমিতি ‘চিনাউরা (গ্রুপ)’ এবং প্রগতি মৎস্যজীবী সমবায় সমিতি ‘চিনাউরা-আগার গ্রুপ’ জলমহাল ইজারা পেতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বরাবর আবেদন করেছে। তবে এখনো তা অনুমোদন হয়নি।এলাকাবাসী সূত্রে জানা গেছে, মৎস্যজীবী সমিতির আড়ালে স্থানীয় অমৎস্যজীবী কিছু প্রভাবশালী লোক তিনটি জলমহাল ইজারা পেতে উঠেপড়ে লেগেছেন। তাঁরা সাংসদসহ ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। তবে জুড়ী ভ্যালি মৎস্যজীবী সমিতির সম্পাদক জমির আলী ও প্রগতি মৎস্যজীবী সমিতির সভাপতি মো. আলাউদ্দিন প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে তাঁদের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন।নাম প্রকাশ না করার শর্তে প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘আমরা অভয়াশ্রমের কার্যক্রম শুরু করতে চাইছি। কিন্তু এরই মধ্যে জনপ্রতিনিধিরা বিপক্ষে অবস্থান নেওয়ায় তা কতটুকু সম্ভব হবে বুঝতে পারছি না।’সাংসদ মো. শাহাব উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘অভয়াশ্রম ঠেকানো কঠিন। সবাই সেখানে অবাধে মাছ ধরতে নেমে যাবে। তাই তিনটি জলমহাল ইজারার পক্ষে মতামত দিয়েছি। আর প্রভাবশালী লোকজনের কথা জানি না। আবেদন তো করেছেন মৎস্যজীবী সমিতির সভাপতি-সম্পাদকেরা।’