‘স্পষ্ট করে বলি, খরচ লাগবেই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নিজে হইছি কসাইয়ের মতো। সারা দিন পশু জবাই করলেও কপালে মাংস জুটে না। প্রত্যেক ডিওর টাকা স্যারদের বুঝাইয়া দেয়া লাগে। নিজের কিছুই থাকে না।’ এ কথা কিশোরগঞ্জের হাওরবেষ্টিত উপজেলা অষ্টগ্রামের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আসাদুজ্জামানের। গত ২৮ জানুয়ারি বিকেলে অষ্টগ্রাম পাইলট উচ্চবিদ্যালয় ও অষ্টগ্রাম বালিকা উচ্চবিদ্যালয়ের মাটি ভরাট প্রকল্পের সভাপতি সাইফুউদ্দিন বিলি আদেশ আনতে যান। বিলি আদেশ প্রদান বাবদ পিআইও তাঁর কাছে কমিশন চান। কেন এ কমিশন দিতে হবে—এমন প্রশ্নের জবাবে পিআইও ওই যুক্তি তুলে ধরেন। এ সময় সেখানে একজন গণমাধ্যমকর্মী উপস্থিত হন। সাংবাদিক পরিচয় পেয়েও পিআইও তাঁর দাবিতে অনড় থাকেন। তিনি বলেন, ‘স্পষ্ট করে বলি, খরচ লাগবেই। তা না হলে দ্বিতীয় ডিও হবে না। প্রত্যেক টনে ৪০০ টাকা দিতে হবে।’ স্যার বলতে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও তাঁর কার্যালয়ের কর্মকর্তাদের বোঝান। এ প্রসঙ্গে ইউএনও সাদিকুর রহমান বলেন, ‘আমি এখানে অতিরিক্ত দায়িত্ব পালন করছি। পিআইওর কথা পুরোপুরি মিথ্যা। আমার কাছে যেসব ডিও লেটার আসে, আমি তাতে চোখ বুঝে সই করে দিই।’ স্থানীয় অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলাবাসী গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কর্মসূচি (টিআর) ও কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পের খুব বেশি সুফল পাচ্ছে না। প্রকল্প নির্ধারণ ও বাস্তবায়নে বড় ধরনের অসংগতি থাকছে। বিশেষ করে ক্ষমতাসীন দলের হস্তক্ষেপে প্রকল্পটি দলীয় প্রকল্প হিসেবে পরিচিতি পেয়েছে। এ অবস্থায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ভাঙিয়ে টনপ্রতি ৪০০ টাকা করে আদায় করে নিচ্ছেন পিআইও। এ টাকা না দিলে দ্বিতীয় বিলি আদেশের ছাড় নিয়ে তিনি টালবাহানা করেন। এ ক্ষেত্রে বিভিন্ন প্রকল্পের সভাপতিদের সাধারণ বক্তব্য হলো, পিআইও নানাভাবে অর্থ আদায়কে সাধারণ নিয়মে পরিণত করেছেন। অষ্টগ্রাম পাইলট উচ্চবিদ্যালয় ও অষ্টগ্রাম বালিকা উচ্চবিদ্যালয়ের মাটি ভরাট প্রকল্পের সভাপতি সাইফুউদ্দিন বলেন, ‘দুটি স্কুল কাবিখা প্রকল্পের সাত টন চাল বরাদ্দ পেয়েছে। ২৮ জানুয়ারি বরাদ্দের প্রথম ধাপের এক হাজার ৭৫০ কেজি চালের বিলি আদেশ আনতে গিয়েছিলাম। পিআইও আসাদুজ্জামান আমার কাছে সরাসরি নির্ধারিত হারে টাকা চান। দিতে চাইনি বলে যুক্তি দিয়ে বুঝাতে চেষ্টা করেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের টাকা দিতে না পারলে তাঁর বারোটা বেজে যাবে।’ গত বুধবার বিকেলে পিআইও মো. আসাদুজ্জামানের সঙ্গে মুঠোফোনে এই প্রতিবেদকের কথা হয়। প্রকল্প সভাপতি সাইফুউদ্দিনের কাছে কমিশন দাবির কথা স্বীকার করে প্রথম আলোকে তিনি বলেন, ‘এ কথা সত্য, প্রকল্পটি উঠিয়ে আনতে হলে উপরের অনেককে টাকা দিতে হয়। তবে এসব টাকা আমার পকেটে যায় না।’ পুরো ঘটনা কিশোরগঞ্জ জেলা পিআইও মো. হাবিবুর রহমানকে জানানো হয়। তিনি বিসঞ্চয় প্রকাশ করে বলেন, ‘টিআর, কাবিখার জন্য টাকা দিতে হবে কেন? ঠিক আছে ওই কর্মকর্তা কেন এ কথা বললেন তা আমি খোঁজ নিয়ে দেখছি।’