'স্পুফিং' কলে হুমকির ঘটনা ঘটছে: তারানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, মোবাইল ফোনের সিম বায়োমেট্রিক (আঙুলের ছাপ) পদ্ধতিতে নিবন্ধনের পর মোবাইলভিত্তিক অপরাধ অনেক কমে গেছে। এখন মোবাইলে যে হুমকি-ধমকি দেওয়ার ঘটনা ঘটছে, তা ‘স্পুফিং’ বা ‘মাস্কিং’ কলের মাধ্যমে হচ্ছে। কম্পিউটার জেনারেট করে (সফটওয়্যারের মাধ্যমে) একজনের ফোন নম্বর নকল করে অপরজনের নম্বরে ফোন দেওয়া হচ্ছে। এর সঙ্গে বায়োমেট্রিকের কোনো সম্পর্ক নেই।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তারানা হালিম এ কথা বলেন। তিনি বলেন, কেউ এ ধরনের ফোন পেলে সঙ্গে সঙ্গে ওই নম্বরে ফিরতি কল করবেন। এতে প্রকৃত মালিক কে, তা জানা যাবে। সিমটি বায়োমেট্রিক ভেরিফায়েড সিম কি না, তা-ও জানা যাবে। তিনি এ ধরনের কল পাওয়ার পর টাকাপয়সা না পাঠানোর জন্য গ্রাহকদের প্রতি অনুরোধ জানান।
সংবাদ সম্মেলনে ‘স্পুফিং’ কল বোঝাতে প্রতিমন্ত্রীর নম্বরটিও কীভাবে নকল হয়ে অন্যের কাছে যেতে পারে, তা দেখানো হয়। তিনি বলেন, নতুন এ সমস্যা সমাধানে তাঁরা কাজ করছেন।
ফান সফটওয়্যার হিসেবে পরিচিত ‘স্পুফিং’ সফটওয়্যার ব্যবহার করে সম্প্রতি বিভিন্ন ব্যক্তির মোবাইল নম্বর নকল করে বিশিষ্ট ব্যক্তিদের হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে।
প্রতিমন্ত্রী বলেন, বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের পর অপরাধ কমে এসেছে। তিনি গত তিন মাসের তথ্য তুলে ধরে বলেন, বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের আগে অবৈধ ভিওআইপির ঘটনা ঘটত ৩৫ শতাংশ। নিবন্ধনের পর তা ১০ শতাংশে নেমে এসেছে। সিম নিবন্ধনের কারণেই উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিসার হত্যাকারীকে সহজে ধরা গেছে। এই সময়ে সিম পুনঃস্থাপনের অভিযোগ পাওয়া গেছে মাত্র দুটি। তিনি আরও কিছু উদাহরণ দেন। এখন পর্যন্ত ১১ কোটি ৪০ লাখ সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ সচিব ফয়জুর রহমান চৌধুরী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শাহজাহান মাহমুদসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা। তাঁরা কিছু সমস্যার কথা উল্লেখ করে মোবাইল ফোনভিত্তিক অপরাধ রোধে গ্রাহকদের সচেতন হওয়ার অনুরোধ জানান।