সিলেট নগরের কেন্দ্রস্থলের নেহার বিপণিবিতানে লুটপাট, হত্যার ঘটনার ‘স্বচ্ছ তদন্ত’ করার দাবি জানিয়েছে সিলেট নগর আওয়ামী লীগ। ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফর উপলক্ষে গতকাল সোমবার অনুষ্ঠিত নগর আওয়ামী লীগের বর্ধিত সভা থেকে এ দাবি জানানো হয়।
নগরের গুলশান সেন্টারে দুপুরে আওয়ামী লীগের বর্ধিত সভা হয়। নগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে সভার শুরুতে ওই বিপণিবিতানে লুটপাট ও হত্যার বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় ডাকাতি ও বিপণিবিতানের নিরাপত্তাকর্মী হত্যার ঘটনার তীব্র নিন্দা ও নিহতের রুহের মাগফিরাত কামনা করা হয়। ওই ঘটনার স্বচ্ছ তদন্ত করতে পুলিশের প্রতি আহ্বান জানানো হয়।
গত বুধবার রাতে বোমা-গুলি ছুড়ে ওই বিপণিবিতানের গয়নার দোকানে লুটপাট করা হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে বিপণিবিতানের নিরাপত্তাকর্মী বাদশা মিয়া (৫০) নিহত হন।
বর্ধিত সভায় বক্তারা বলেন, যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করতে বিএনপি-জামায়াত জোট দেশ নিয়ে গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে সিলেট মহানগরের সব ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সম্মিলিতভাবে প্রচার-প্রচারণা চালানোর আহ্বান জানানোর সিদ্ধান্ত হয় বর্ধিত সভায়।
নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসদউদ্দিন আহমদ জানান, প্রধানমন্ত্রীর সিলেট সফর ও গোলাপগঞ্জে জনসভা সফল করতে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ১৪ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে কোর্ট পয়েন্ট থেকে প্রচার মিছিল, ১৫ সেপ্টেম্বর বিকেল থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গোলাপগঞ্জ অভিমুখে ট্রাকযোগে গণসংগীতের মাধ্যমে প্রচারণা, ১৫ ও ১৬ সেপ্টেম্বর নগরব্যাপী মাইকযোগে প্রচার কর্মসূচি নেওয়া হয়েছে।