'স্বজনের লাশ হলেও ফেরত চাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বজন হারিয়ে বিলাপ করছেন এক নারী। ছবিটি আজকের তোলা। ছবি: সাহাদাত পারভেজ
স্বজন হারিয়ে বিলাপ করছেন এক নারী। ছবিটি আজকের তোলা। ছবি: সাহাদাত পারভেজ

‘আমরা আর কিছু চাই না, আত্মীয়-স্বজনের লাশ হলেও ফেরত চাই।’
আজ মঙ্গলবার সকালে মুন্সিগঞ্জের মাওয়া ঘাটে এভাবে হারানো স্বজনের লাশ চেয়ে বিলাপ করছিলেন রেখা বেগম (রেখা মেম্বর) নামের এক নারী। ডুবে যাওয়া লঞ্চ ‘পিনাক-৬’-এ তাঁর বোন, ভগ্নিপতি, বোনের দুই মেয়ে, ভাই, ভাইয়ের স্ত্রী ও ছেলে ছিলেন। সাতজন স্বজন হারিয়ে পাগলপ্রায় অবস্থা তাঁর।
রেখা বেগম জানান, তাঁর ভাই ও বোন পরিবারের সদস্যদের নিয়ে ফরিদপুরের সদরপুর উপজেলার সাতরশী এলাকায় গ্রামের বাড়িতে ঈদ করতে যান। গতকাল সোমবার সকাল সাতটার দিকে তাঁদের বিদায় জানান রেখা। পরে লঞ্চ দুর্ঘটনার খবর শুনে ভাই ও বোনের মোবাইলে ফোনে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু তাঁদের মোবাইল ফোন সেট বন্ধ পান তিনি। পরে বিকেলের দিকে ঘটনাস্থলে ছুটে আসেন তিনি। এর পর থেকে স্বজনদের জন্য অপেক্ষা করছেন।
কেবল রেখা বেগমই নন, তাঁর মতো আরও কয়েক শ মানুষ স্বজনের অপেক্ষায় পদ্মার তীরে ভিড় করেছেন। তাঁদের কেউ হারিয়েছেন বাবা-মা, কেউ ভাই, কেউ বোন, কেউ সন্তান, কেউ স্বামী, কেউবা স্ত্রী।
স্বজনের খোঁজে দিশেহারা মানুষ অনেকে আহাজারি-বিলাপ করছেন। কারও অবস্থা পাগলপ্রায়। কেউবা শোকের ভারে নির্বাক। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও ডুবে যাওয়া লঞ্চ বা স্বজনদের খোঁজ না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বামনডাঙ্গা গ্রামের এমদাদুল হক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘২৪ ঘণ্টা তো পার হলো। কাউকে তো পাই না। নাম দিয়ে কী হবে। সবাই আসছে, নাম লিখছে, কারও লাশও তো পাওয়া যাচ্ছে না।’
এমদাদুল হক থাকেন গুলশানের নতুনবাজার এলাকায়। ডুবে যাওয়া লঞ্চে তাঁর স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও ভাতিজা ছিলেন। কিন্তু এক ছেলে ও ভাতিজা বেঁচে গেলেও অন্যরা নিখোঁজ রয়েছেন। তাঁদের হারিয়ে পাগলপ্রায় এমদাদুল হক।
গতকাল সোমবার বেলা ১১টার দিকে মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা নদীতে ডুবে যায় পিনাক-৬ নামের একটি লঞ্চ। লঞ্চটিতে প্রায় ৩০০ জন যাত্রী ছিল। লঞ্চটি উদ্ধারতত্পরতা চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে বেলা দুইটায় ২৭ ঘণ্টা পার হলেও লঞ্চটির কোনো হদিস পাওয়া যায়নি।