'স্বপ্নঘর' পেল অ্যাসিডদগ্ধ তাহমিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ট্রাস্টের সহায়তায় তৈরি করে দেওয়া ঘরের সামনে অনুষ্ঠিত অ্যাসিডদগ্ধ নারীদের পুনর্বাসন ও সচেতনতামূলক সভায় অতিথিদের সঙ্গে অ্যাসিডদগ্ধ তাহমিনা (বাঁ থেকে চতুর্থ) l ছবি: প্রথম আলো
প্রথম আলো ট্রাস্টের সহায়তায় তৈরি করে দেওয়া ঘরের সামনে অনুষ্ঠিত অ্যাসিডদগ্ধ নারীদের পুনর্বাসন ও সচেতনতামূলক সভায় অতিথিদের সঙ্গে অ্যাসিডদগ্ধ তাহমিনা (বাঁ থেকে চতুর্থ) l ছবি: প্রথম আলো

বাকি ছিল কেবল একটি পরীক্ষা। কিন্তু আগের রাতে দুর্বৃত্তদের ছোড়া অ্যাসিড চুরমার করে দেয় সব স্বপ্ন।
তবে এসএসসি পরীক্ষা দিতে না পারলেও থেমে যায়নি তাহমিনা (১৬)। একটু একটু করে চেষ্টা করছে নিজের পায়ে দাঁড়ানোর। সহায়তা হিসেবে পেয়েছিল তিনটি সেলাই মেশিন। এবার প্রথম আলো ট্রাস্টের তহবিল থেকে ৬০ হাজার টাকা ব্যয়ে তাকে তৈরি করে দেওয়া হলো একটি ঘর। এখন পড়াশোনার পাশাপাশি এই ঘরে সেলাই প্রশিক্ষণের মাধ্যমে সে নিজে স্বাবলম্বী হবে। ভাগ্য বদল করবে অন্য অসহায় নারীদের। এখন এই স্বপ্নই দেখছে মেয়েটি।
তাহমিনার এ ‘স্বপ্নঘর’-এর যাত্রা শুরু হয়েছে গতকাল শনিবার থেকে। গতকাল সেখানে প্রথম আলোর পক্ষ থেকে অ্যাসিডদগ্ধ নারীদের পুনর্বাসন ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত নারী আসনের সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। আরও বক্তব্য দেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মাহবুব আলম, প্রথম আলো ট্রাস্ট কর্মসূচির ব্যবস্থাপক ফেরদৌস ফয়সাল ও শিক্ষক ফজলুর রহমান।
অ্যাসিডদগ্ধ তাহমিনার বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার জয়রামপুর গ্রামে। চলতি বছর এসএসসি পরীক্ষার্থী ছিল সে। সর্বশেষ পরীক্ষার আগের দিন ১১ মার্চ দিবাগত গভীর রাতে নিজ ঘরে দুর্বৃত্তদের অ্যাসিডে তাহমিনার মুখ, ডান হাত ও বুকের কিছু অংশ ঝলসে যায়। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে করা মামলাটি বর্তমানে জেলা জজ আদালতে বিচারাধীন।
তাহমিনা আক্তার গতকাল প্রথম আলোকে বলেন, প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে ঘর পেয়ে সে খুশি। এখন সে এই ঘরে অসহায় নারীদের সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করবে। নারীরা যাতে এ প্রশিক্ষণ নিয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে। পাশাপাশি অ্যাসিড-সন্ত্রাসের কারণে বন্ধ হয়ে যাওয়া পড়াশোনা শুরু করতে চায় সে। আগামী বছর আবার এসএসসি পরীক্ষা দেবে তাহমিনা।
সাংসদ কেয়া চৌধুরী বলেন, ‘তাহমিনা এখন একটি প্রতীক। তার পাশে প্রথম আলো যেমন আছে, তেমনি আছে সারা দেশ। নারীর ক্ষমতায়ন অর্থ দিয়ে হয় না। এ জন্য নিজেদের তৈরি করতে হবে মানসিক শক্তি দিয়ে। যেমনটি দেখিয়েছে তাহমিনা।...সে এখন তার স্বপ্নঘর থেকে আলো ছড়াতে চায় পুরো এলাকায়।’ সাংসদ আরও বলেন, ‘এত বড় ঘটনার পরও যখন দেখি, অপরাধীরা আদালত থেকে জামিন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তখন সত্যিই মনে কষ্ট লাগে।’