'স্বপ্নতরীর' প্রতারিত গ্রাহকদের মানববন্ধন
সমবায় সংগঠনের নামে বিমা ও সুদ ব্যবসা করে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হওয়া স্বপ্নতরী বহুমুখী সমবায় সমিতির চেয়ারম্যান ফয়েজ-উল কয়েসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন প্রতারিত গ্রাহকেরা। গতকাল শনিবার দুপুরে সিলেট নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আধঘণ্টা মানববন্ধন করে প্রতিবাদ সমাবেশ করেন তাঁরা। সমাবেশ থেকে স্বপ্নতরী প্রতারণা ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত করে জড়িত লোকজনের সবাইকে শাস্তি দেওয়ার দাবি জানানো হয়।
সমবায় অধিদপ্তরের নিবন্ধন নিয়ে প্রায় পাঁচ বছর ধরে সিলেট নগরের শিবগঞ্জ সোনারপাড়া এলাকায় কার্যালয় স্থাপন করে গ্রাহক সংগ্রহ করে স্বপ্নতরী। প্রায় সাড়ে চার হাজার গ্রাহক সংগ্রহ করে তাঁদের কাছ থেকে বিমার টাকা নিয়ে সুদের ব্যবসা করে আসছিল প্রতিষ্ঠানটি।
সিলেট মহানগর পুলিশের শাহপরান থানায় ৪ আগস্ট স্বপ্নতরীর চেয়ারম্যান ফয়েজ-উল কয়েসের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করা হলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এ নিয়ে ৫ আগস্ট প্রথম আলোতে ‘স্বপ্নতরীর সুদের জালে গ্রাহকেরা, চেয়ারম্যান গ্রেপ্তার’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। গত বৃহস্পতিবার রাতে মোস্তফা কামাল নামে আরও একজন পরিচালককে গ্রেপ্তার করে পুলিশ।