'স্বপ্নপূরণের পথে দেয়াল কেন?'
মেডিকেলে ভর্তির মেধাতালিকা করার সময় দ্বিতীয়বার পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের পাঁচ নম্বর কেটে নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার এই দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মেডিকেলে ভর্তি ইচ্ছুক শতাধিক শিক্ষার্থী। তাঁরা বলছেন, সরকারি এই সিদ্ধান্তের কারণে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়া শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হবেন।
গতকাল মানববন্ধনে শিক্ষার্থীরা ‘স্বপ্ন পূরণের পথে পাঁচ নম্বর দেয়াল কেন?’, ‘পাঁচ নম্বর কর্তনের সিদ্ধান্ত প্রত্যাহার কর, করতে হবে’, ‘পাঁচ নম্বর কাটবেন, আট মাস পর বললেন কেন?’, ‘দাবি শুধু একটাই, পূর্ণ নম্বরের পরীক্ষা দিতে চাই’- এ ধরনের স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন। দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলা মানববন্ধনে শিক্ষার্থীরা নম্বর কাটার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে স্লোগান দেন।
মানববন্ধনে লিখিত বক্তব্যে বলা হয়, পরীক্ষার তিন মাস আগে এ ধরনের সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থীদের প্রতি অন্যায় এবং অবিচার করা হয়েছে। এ সিদ্ধান্ত মেডিকেলে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য মানসিক ধাক্কা। অবিলম্বে স্বাস্থ্য মন্ত্রণালয়কে এ সিদ্ধান্ত বাতিল করতে হবে।
মানববন্ধনে অংশ নেওয়া মো. ইসমাইল নামের এক শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, মেডিকেলে ভর্তি পরীক্ষায় আধা নম্বরের পার্থক্যতেও অনেক শিক্ষার্থী ঝরে যায়। সেখানে যদি দ্বিতীয়বার পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের পাঁচ নম্বর শুরুতেই কেটে নেয়, তাহলে এটি অন্যায় ছাড়া আর কিছুই নয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে।