দৃষ্টিনন্দন বিজ্ঞাপনের মাধ্যমে মাথা গোঁজার ঠাঁই গড়ে দেওয়ার স্বপ্ন দেখিয়েছিল ‘স্বপ্নীল সিটি প্রাইভেট লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠান। তাদের পাতা ফাঁদে পা দিয়ে দুই শতাধিক গ্রাহক এখন পথে বসেছেন। সীতাকুণ্ডের কুমিরায় স্বপ্নীল সিটিতে নিজেদের স্বপ্নের আবাসন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে।
গ্রাহকদের ২৫ কোটি টাকা নিয়ে পালিয়েছেন স্বপ্নীল সিটির পরিচালকেরা। এর মধ্যে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ হাছান এখন দুবাইয়ে ব্যবসাপ্রতিষ্ঠান খুলে বসেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মাসুদের মামা মোহাম্মদ নাছির উদ্দিন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। এ ছাড়া মাসুদের আরও দুই ভাই প্রতিষ্ঠানটির পরিচালক। প্রতারিত গ্রাহকদের মধ্যে নাজমুল হাসান মুরাদ ও মো. আবু ইউসুফ নামের দুজন মহানগর হাকিম আদালতে সম্প্রতি পৃথক দুটি মামলা করেছেন। দুটি মামলায় আসামিদের অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।
একটি মামলার অভিযোগপত্রে বলা হয়, ‘বর্তমানে ঘটনাস্থলে স্বপ্নীল সিটি নামে কোনো অফিস বা সাইনবোর্ড নেই। ১ নম্বর বিবাদী মাসুদ হাছান বর্তমানে সপরিবারে দুবাই অবস্থান করছেন। শত শত গ্রাহকের টাকাপয়সা নিয়ে মাসুদ ও অন্য বিবাদীরা বর্তমানে গা ঢাকা দিয়েছেন।’
মামলাটির তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল গোফরান বলেন, ‘টাকা নিয়ে মাসুদ সপরিবারে দুবাই চলে গেছেন। মাসুদ ও অন্যরা মিলে ২০-৩০ কোটি টাকার প্রতারণা করেছেন। ভুয়া লেআউট দেখিয়ে তাঁরা সীতাকুণ্ডের কুমিরায় প্লট বরাদ্দ দেন।’
জানা গেছে, প্রকল্পটির প্রতি কাঠা জমি সর্বনিম্ন দুই লাখ টাকা করে বিক্রি করা হয়। সে হিসাবে ২০০ গ্রাহকের কাছ থেকে ২০ কোটি টাকার মতো হাতিয়ে নিয়েছে বলে গ্রাহকদের অভিযোগ।
অনুসন্ধানে জানা গেছে, ২০০৭ সালে সীতাকুণ্ডের কুমিরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাশে স্বপ্নীল সিটি আবাসন প্রকল্পের নামে দৃষ্টিনন্দন বিজ্ঞাপন দিয়ে প্লট বিক্রি শুরু করা হয়। সরেজমিনে দেখা গেছে, বর্তমানে কুমিরার প্রকল্প এলাকায় স্বপ্নীল সিটির কোনো অস্তিত্ব নেই। কিছু গ্রাহককে ভুয়া কাগজপত্রের মাধ্যমে প্লট বুঝিয়ে দিলেও এর দখল তাঁরা নিতে পারেননি। মো. ফয়জুল্লাহ খান নামের হালিশহর এলাকার এক প্রতারিত গ্রাহক বলেন, ‘টিভি ও পত্রিকায় রমরমা বিজ্ঞাপন দিয়ে ব্যবসা শুরু করে। পরে আমরা প্লট কিনি। ২০১১-তে প্লট বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও তারা টালবাহনা শুরু করে। বারবার কার্যালয়ের ঠিকানা পরিবর্তন করতে থাকে। এভাবে গত বছরের জুন নাগাদ সর্বশেষ কার্যালয়টি গুটিয়ে পালিয়ে যায় অভিযুক্ত ব্যক্তিরা।’
মিজানুর রহমান নামের প্রতারিত এক গ্রাহক বলেন, ‘মাসুদ আমাদের টাকা মেরে এখন দুবাই গিয়ে ব্যবসা শুরু করেছেন। আমাদের সব সঞ্চয় শেষ। ভুয়া রেজিস্ট্রিও দিয়েছে তারা। কিন্তু দখল নেওয়া যায়নি।’
অভিযোগ প্রসঙ্গে জানতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নাছির উদ্দিন ও পরিচালক সাজ্জাদ হোসেন লোহানীকে ফোন করা হলেও তাঁরা ফোন ধরেননি। এ ছাড়া দুবাইয়ে মাসুদ হাছানকেও ফোন করা হয়। তিনি ফোন ধরেননি।