'স্বপ্নের পরাজয় নেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাকসুদা আক্তার প্রিয়তি
মাকসুদা আক্তার প্রিয়তি

‘জীবনের আসল সফলতা হলো ভালো মানুষ হওয়া। মানুষের জন্য কাজ করা। মানুষের পাশে থাকা’—নিজের জীবনের গল্প শোনানোর এক অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলাদেশি বংশোদ্ভূত ‘মিস আয়ারল্যান্ড’ মাকসুদা আক্তার প্রিয়তি।
দর্শকদের উদ্দেশে প্রিয়তি বলেন, ‘জেগে স্বপ্ন দেখুন। কামড় দিয়ে পড়ে থাকুন। স্বপ্ন আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। স্বপ্নের পরাজয় নেই। স্বপ্ন অমর। মানুষ অবশ্যই স্বপ্নের চেয়ে বড়। আপনাদের মধ্যে বাধা জয় করার এবং অসম্ভবকে সম্ভব করার তাড়না থাকতে হবে।’
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের হোটেল আগ্রাবাদে ‘আই হ্যাভ আ ড্রিম’ শীর্ষক এই অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে রোটারি ক্লাব চিটাগং খুলশী, রোটারি ক্লাব অব চিটাগং আপটাউন ও রোটারি ক্লাব অব চিটাগং।
অনুষ্ঠানে মিস আর্থের প্রথম রানারআপ প্রিয়তি নিজের সাফল্য প্রসঙ্গে বলেন, ‘আপনারা জানেন, আমি পেশায় পাইলট। বিমান নিয়ে অসীম আকাশে উড়তে উড়তে মনে হলো, আকাশ তো দেখা হলো। এবার তার উপরে যাই না কেন? সে জন্য মিস আর্থের মতো হাইপ্রোফাইল প্রতিযোগিতায় অংশ নিই এবং প্রথম রানারআপ হই। এখন মিস আর্থ ইন্টারন্যাশনাল-২০১৬ হয়েছি। এগুলো সব হয়েছে আমার জেদের কারণে। আমার জেদ আমাকে এত দূর নিয়ে এসেছে।’
অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের অধ্যক্ষ ফজলুল করিম, স্থানীয় দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, রোটারি ক্লাব চিটাগংয়ের সভাপতি আশিক ইমরান, রোটারি ক্লাব অব খুলশীর প্রতিষ্ঠাতা সভাপতি রেজোয়ান শাহিদী ও রোটারি ক্লাবের ‘ইয়াং জেনারেশন প্রজেক্ট’-এর পরিচালক বাদল সৈয়দ, মডেল খালেদ হোসেন প্রমুখ।
মিলনায়তনে উপস্থিত দর্শকদের মিস আয়ারল্যান্ড প্রতিযোগিতায় অংশ নেওয়ার গল্প শোনান প্রিয়তি। তিনি বলেন, ‘আমি যখন প্রথম মিস আয়ারল্যান্ড প্রতিযোগিতায় যাই, তখন আমার স্পনসর ছিল না। নিজের টাকা নিজেকে জোগাড় করতে হয়েছে। সাধারণ মানুষের কাছে গিয়েছি। তাঁদের বলেছি, সাহায্য করুন। কিন্তু তাঁরা করেননি। তবে আমি হতাশ হইনি। আশাও ছাড়িনি। আমি মিস আয়ারল্যান্ডের মুকুট পরেছি। আমার স্বপ্ন বলেছিল, ওই মুকুট আমার। এই স্বপ্ন ঘুমিয়ে দেখা স্বপ্ন নয়। আমি তা দেখেছিলাম জেগে জেগে। তার সঙ্গে যুক্ত হয়েছে চেষ্টা, শ্রম ও আমার লেগে থাকা।’
জীবন সুন্দর উল্লেখ করে প্রিয়তি বলেন, ‘জীবন আসলেই সুন্দর। এমন সুন্দর বসন্ত কোথায় পাবেন। ঝুম বৃষ্টি পাবেন কোথায়। তাই নিরাশ হওয়ার কিছু নেই। অতৃপ্ত থাকার কোনো কারণ নেই। আপনি যা চান, জীবন তাই দেবে। বড় কিছু চাইলে
মগজ বড় কিছুর দিকে ছুটবে। স্বপ্ন ছোট হলে স্বপ্ন সেদিকেই চালিত হবে।’
অনুষ্ঠানে নিজের জীবন প্রসঙ্গে বলেন, ‘আমি সোনার চামচ মুখে নিয়ে জন্মাইনি। আমার জন্ম সাধারণ বাঙালি পরিবারে। তবে একটি ব্যতিক্রম ছিল। জীবন হেলাফেলায় নষ্ট করা যাবে না। ছুটতে হবে সামনের দিকে, আকাশের দিকে। তাই স্বপ্ন দেখেছি।’ নিজের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি যেন মাদার তেরেসার কাছাকাছি কিছু হতে পারি।’