‘মানসম্মত পণ্য পাওয়া আপনার অধিকার। আর তাই বিএসটিআইয়ের অনুমোদিত পণ্য ছাড়া অন্য কোনো পণ্য আমরা আপনাদের জন্য রাখি না।’ ‘স্বপ্ন’ সুপারস্টোরের বিজয়নগর শাখায় লেখা ছিল এ কথাটি। কিন্তু ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত গতকাল মঙ্গলবার ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিএসটিআইয়ের অনুমোদনবিহীন পণ্য পেয়েছে। এ ছাড়া কিছু পণ্যের প্যাকেটে মূল্য লেখা ছিল না। এ কারণে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। গতকাল দুপুর দেড়টার দিকে ভ্রাম্যমাণ আদালত ওই অভিযান চালান। স্বপ্ন সুপারস্টোরের ওই শাখায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া কোলগেট টুথপেস্ট, জিলেট শেভিং ক্রিম ও টমেটো কেচআপসহ কিছু পণ্য পাওয়া যায়। এ ছাড়া কোয়ালিটি বাটার অয়েল, আড়ং ঘি ও ড্যানিশ মিল্ক পাউডারের প্যাকেটের গায়ে দাম লেখা ছিল না। ঢাকা জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী হাকিম মোহাম্মদ আল-আমীন প্রথম আলোকে বলেন, বিএসটিআইয়ের অনুমোদনবিহীন পণ্য বিক্রির দায়ে ওই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া পণ্যের প্যাকেটের গায়ে দাম লেখা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আরও ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সম্পর্কে জানতে স্টোরের বিজয়নগর শাখার দুটি বাংলালিংক নম্বরে অনেকবার ফোন করা সত্ত্বেও ফোন ধরা হয়নি।