কারাগারে সিভিল সার্জন-মাওলানা, জল্লাদও প্রস্তুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ হওয়ার রায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে। মহাপরিদর্শক (আইজি প্রিজন) মাঈনুদ্দিন খন্দকার আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা ইউএনবিকে বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ পেলেই কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা হবে।

এদিকে সন্ধ্যা সোয়া সাতটার দিকে কারা চিকিত্সক শামসুল আলম কারাগারের ভেতর ঢোকেন। রাতে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন), দুই জন ম্যাজিস্ট্রেট, ঢাকা জেলার সিভিল সার্জন, একজন মাওলানা কারাগারের ভেতরে যান।

কারাগারের সামনে পুলিশ-র্যাবের উপস্থিতি বাড়ানো হয়েছে। এ ছাড়াও আশপাশের ভবনের ওপরও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। 

এদিকে সন্ধ্যায় আবদুল কাদের মোল্লার সঙ্গে দেখা করেছেন তাঁর পরিবারের সদস্যরা। কাদের মোল্লার সঙ্গে দেখা করতে তাঁর পরিবারের সদস্যরা আজ সন্ধ্যা ছয়টা ২০ মিনিটের দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতর যান। একটি মোটরসাইকেল ও একটি গাড়িতে করে মোট ১০ জন ভেতরে যান। সন্ধ্যা সাতটার পরে তাঁরা বের হয়ে আসেন।

ঘটনাস্থলে থাকা আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, কারা চিকিত্সক শামসুল আলম সন্ধ্যা সাতটার দিকে কারাগারের ভেতর ঢোকেন।

এর আগে দুপুরে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ কাদের মোল্লার ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দেন। এর ফলে কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করতে আইনি আর কোনো বাধা নেই জানিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘প্রধান বিচারপতি মাত্র কয়েক শব্দে রায় ঘোষণা করেন। তিনি বলেছেন, বোথ দ্য রিভিউ পিটিশনস আর ডিসমিসড’ (দুটি পুনর্বিবেচনার আবেদনই খারিজ করা হলো)।

এদিকে কারাগার থেকে বের হয়ে যাওয়ার সময় কাদের মোল্লার ছেলে হাসান জামিল সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তাঁর বাবার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘আইন অনুযায়ী তিনি মার্সি পিটিশন (প্রাণভিক্ষার আবেদন) করতে সাত দিন সময় পাবেন। এর মধ্যে তিনি আইনজীবীদের সঙ্গে কথা বলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।’ হাসান জামিল আরও বলেন, ‘এটি একটি রাজনৈতিক হত্যাকাণ্ড।’

কাদের মোল্লার আইনজীবী শিশির মনির প্রথম আলো ডটকমকে বলেছেন, তাঁরা কাদের মোল্লার সঙ্গে দেখা করার জন্য কারা কর্তৃপক্ষের কাছে অনুমতি চাইবেন। তিনি বলেন, ‘আবদুল কাদের মোল্লা তাঁর ছেলেকে বলেছেন, তিনি আইনজীবীদের সঙ্গে দেখা করতে চান। আজ অথবা কাল কারা কর্তৃপক্ষের সুবিধাজনক সময়ে আমরা দেখা করার সময় চেয়ে আবেদন করব।’

জল্লাদ শাজাহান প্রস্তুত
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া জামায়াতের নেতা কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের জন্য জল্লাদ শাজাহান ভূঁইয়ার নেতৃত্বে ছয় সদস্যের একটি দল প্রস্তুত রয়েছে।

দলের বাকি সদস্যরা হলেন ফারুক, হামিদ, সারোয়ার, তানভির ও জনি।

রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হতে পারে বলে জানা গেছে।

কাউকে ফাঁসি দিলে সেই জল্লাদ এক মাসের সাজা মওকুফ পান।

এর আগে শাজাহান ভূঁইয়া আলোচিত সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইকে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামিদের ফাঁসি দিয়েছিলেন।