‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়’ সাঁটানো মাইক্রোবাস আটক
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলীবাড়ী ইউনিয়নের শমসেরপুর গ্রাম থেকে গত সোমবার ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা’ স্টিকার লাগানো কালো রঙের একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৫-০০৮৪) আটক করা হয়েছে।এ ঘটনায় জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল যুদ্ধাপরাধ মামলায় আটক সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ভায়রা আনোয়ারুল ইসলাম, ভায়রার বড় ভাই ফজলুর রহমান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাইক্রোবাসচালক নাজির খানের (নাজির হোসেন) বিরুদ্ধে পাটগ্রাম থানায় মামলা হয়েছে। পুলিশ ফজলুর রহমান ও নাজির খানকে গ্রেপ্তার করেছে। তবে আনোয়ারুল ইসলাম পলাতক। মাইক্রোবাসটি পাটগ্রাম থানা হেফাজতে রয়েছে।একাধিক সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া দুজনকে বিশেষ ব্যবস্থায় গত মঙ্গলবার দুপুরে লালমনিরহাট জেলা জজ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তাঁদের আরও জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আজ বৃহস্পতিবার রিমান্ড আবেদনের শুনানি হবে।পাটগ্রাম থানার পরিদর্শক ফরিদ উদ্দিন বলেন, সোমবার সকালে প্রথমে মাইক্রোবাসচালক নাজিরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ শেষে দুপুর সোয়া ১২টায় মামলা হয়। এরপর বেলা আড়াইটায় শমসেরপুরের বাড়ি থেকে ফজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়। মামলার গুরুত্বপূর্ণ আসামি আনোয়ারুল ইসলাম পলাতক।লালমনিরহাটের পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, ঘটনা খতিয়ে দেখাসহ অন্যান্য বিষয়ে জানতে গ্রেপ্তার হওয়া আসামিদের পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।লালমনিরহাট জেলা জামায়াতের আমির হাবিবুর রহমান বলেন, সাবেক সেক্রেটারি জেনারেলের ভায়রার পরিবারের সদস্যরা ঈদের জন্য ঢাকা থেকে লালমনিরহাটে আসা-যাওয়া করতে ওই মাইক্রোবাসটি ভাড়া করে এখন বিপদের সম্মুখীন।