‘স্বল্প সময়ে স্বল্প খরচে বিচার নিশ্চিত করুন’
প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম বলেছেন, স্বল্প সময়ে স্বল্প খরচে বিচারপ্রার্থীদের বিচার নিশ্চিত করুন। দেশ ও জাতি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে। বিচার বিভাগ সমুন্নত হবে। গতকাল শনিবার সন্ধ্যায় নাটোর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সংবর্ধনা ও মতবিনিময় সভায় বিচারক ও আইনজীবীদের প্রতি প্রধান বিচারপতি এ আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু আহসান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার আশরাফুল ইসলাম, জেলা জজ আবদুল মজিদ, সমিতির সাধারণ সম্পাদক লোকমান হোসেন প্রমুখ।প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগ পৃথক হলেও এখনো বিচার-প্রার্থীরা এর সুবিধা পুরোপুরি পাচ্ছেন না। বিচার ত্বরান্বিত করতে বিচারক ও আইনজীবীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে। বিচারকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা ঠিক সময়ে আদালতে বসবেন, ঠিক সময়ে আদালত থেকে উঠবেন। ন্যায়বিচার প্রাপ্তির ক্ষেত্রে কাউকে হতাশ করবেন না।’