মুক্তিযুদ্ধকালীন স্বাধীন বাংলা বেতারকেন্দ্র ছিল মুক্তিপাগল সব বাঙালির হৃৎপিণ্ড। আর সেই হৃৎপিণ্ডের একটি অংশ ছিলেন বাবুল আখতার (এ বি এম মনজুর কাদের)। তিনি ছিলেন বহুমুখী গুণের অধিকারী।
গতকাল সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শব্দসৈনিক বাবুল আখতার স্মারক বক্তৃতার বক্তারা এসব কথা বলেন। ‘স্বাধীন বাংলা বেতারকেন্দ্র এবং শব্দসৈনিক বাবুল আখতার’ শীর্ষক স্মারক বক্তৃতা দেন আরেক শব্দসৈনিক আশরাফুল আলম।
বাবুল আখতার ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র ছিলেন। ছাত্রাবস্থায়ই তিনি স্বাধীনতাযুদ্ধ চলাকালে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের সংবাদ পাঠক হিসেবে জনপ্রিয়তা পান। পরে তিনি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের সংবাদপাঠক ছিলেন। ২০০৬ সালের ১৪ জানুয়ারি তিনি মারা যান।
স্মারক বক্তৃতায় বলা হয়, স্বাধীন বাংলা বেতারকেন্দ্র থেকে সংবাদপাঠে বাবুল আখতারের সাবলীল ও প্রবহমান গতি ছিল এবং তিনি দায়িত্বে সম্পূর্ণ নিষ্ঠাবান ছিলেন। তিনি মুক্তিযুদ্ধকে মনেপ্রাণে লালন করতেন। আশরাফুল আলম বলেন, মুক্তিযুদ্ধের সময় শব্দসৈনিকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ছিল। কেননা, এর বিস্তৃতি ছিল ব্যাপক এলাকাজুড়ে। বেতারকেন্দ্র বন্ধ হলে মানুষ উদ্বিগ্ন হয়ে যেত। এ সময় তিনি বাবুল আখতারকে নিয়ে লেখা ডি এইচ শিকদারের একটি কবিতা আবৃত্তি করেন।