'স্বাধীনতা স্মারক' পেলেন নয় গুণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতা দিবস উপলক্ষে নয় গুণী ব্যক্তিকে ‘স্বাধীনতা স্মারক সম্মাননা পদক’ দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরের থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র মন্জুর আলম।
পদকপ্রাপ্ত ব্যক্তিরা হলেন জনসেবায় বিচারপতি ইমাম হোসাইন (মরণোত্তর) ও কামাল উদ্দিন নিযামী (মরণোত্তর), শিক্ষায় এনামুল হক, সমাজসেবায় মুন্সি মিয়া (মরণোত্তর) ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক ডেপুটি মেয়র এস এম ফারুক, সাংবাদিকতায় সৈয়দ মর্তুজা আলী, ক্রীড়ায় আকরাম খান ও মিনহাজুল আবেদীন নান্নু এবং মুক্তিযুদ্ধে অবদানের জন্য সুলতান-উল কবির চৌধুরী (মরণোত্তর)।
করপোরেশনের সমাজকল্যাণ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম, সচিব রশিদ আহমদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন, মেয়রের একান্ত সচিব মো. মনজুরুল ইসলাম ও প্রধান শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ শহীদুল্লাহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র মন্জুর আলম বলেন, রক্ত ও ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা অর্থবহ করতে হবে। বাঙালির শ্রেষ্ঠ অর্জনকে চেতনায় ধারণ করে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে হবে। সমাজে যার যার অবদানের স্বীকৃতি দিতে হবে।