‘স্বাধীনতাবিরোধী চক্র আবারও মানুষ হত্যার পাঁয়তারা করছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, স্বাধীনতাবিরোধী চক্র একাত্তরের মতো আবারও মানুষ হত্যার পাঁয়তারা করছে। যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে নানামুখী ষড়যন্ত্র চলছে।গতকাল শনিবার বিকেলে নগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বিজয় শোভাযাত্রা শুরুর আগে নারায়ণগঞ্জ নগরের মণ্ডলপাড়ায় এক সমাবেশে সেলিনা হায়াৎ আইভী এ কথা বলেন। মেয়র আইভী বলেন, আওয়ামী লীগের ভেতরেই জামায়াত-শিবিরের এজেন্ট ঢুকে গেছে। তারা দলের মধ্যে ঘাপটি মেরে থেকে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করছে।নারায়ণগঞ্জকে আওয়ামী লীগের ঘাঁটি উল্লেখ করে জামায়াত-শিবিরকে প্রতিহত করার ঘোষণা দেন সেলিনা হায়াৎ আইভী।সমাবেশে সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদির, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নিজামউদ্দিন প্রমুখ।মেয়র আইভী বিজয়ের মাস ডিসেম্বরে যুদ্ধাপরাধীদের বিচারের রায় ঘোষণা করার দাবি জানান। পরে নগরের মণ্ডলপাড়া থেকে সেলিনা হায়াৎ আইভীর নেতৃত্বে শোভাযাত্রা বের হয়।