‘স্বাধীনতার চেতনায় দেশ ও জাতিকে এগিয়ে নেবে তরুণেরা’
শাহবাগে আন্দোলনরত নতুন প্রজন্ম আগামী দিনে দেশ ও জাতিকে স্বাধীনতার চেতনায় এগিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান।গতকাল শনিবার ঢাকার নবাবগঞ্জ উপজেলার দোহার নবাবগঞ্জ কলেজে তাঁকে দেওয়া এক সংবর্ধনা ও স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবদুল মান্নান খান এসব কথা বলেন। কলেজে সম্মান কোর্স চালুতে সহযোগিতা করায় গণপূর্ত প্রতিমন্ত্রীকে এ সংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক পনিরুজ্জামান, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ।প্রতিমন্ত্রী এর আগে সকাল ১০টায় নবাবগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের দোতলা ভবনের উদ্বোধন করেন।