'স্বাধীনতার পর আশরাফুজ্জামানকে খুঁজতে গিয়েছিলাম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পলাতক চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ১৭তম সাক্ষী মুক্তিযোদ্ধা ফিরোজ খান (৬০) আজ রোববার সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্যে তিনি বলেন, স্বাধীনের পর মুক্তিযুদ্ধবিরোধী কাজ ও বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে জড়িত থাকার খবর পেয়ে তিনিসহ অন্যরা আশরাফুজ্জামানের বাড়িতে গিয়েছিলেন।

বিচারপতি মজিবুর রহমান মিয়ার নেতৃত্বে দুই সদস্যের (চেয়ারম্যান অনুপস্থিত ছিলেন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ ফিরোজ খানের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান।

জবানবন্দিতে ফিরোজ খান বলেন, তাঁর বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী গ্রামে। তাঁর পাশের গ্রাম ছোট ভাট্টায় ছিল আশরাফুজ্জামান খানের বাড়ি। পাশাপাশি বাড়ি হওয়ার কারণে তিনি আশরাফুজ্জামানকে চিনতেন। ১৯৭০ সালের জাতীয় পরিষদের নির্বাচনের সময় আশরাফুজ্জামান ওই এলাকার পিডিপির প্রার্থী আবদুস সালাম খানের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। ওই সময় আশরাফুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র সংঘের (জামায়াতের তত্কালীন ছাত্র সংগঠন) সক্রিয় কর্মী ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে যুদ্ধে অংশ নেন। দেশ স্বাধীনের পর আশরাফুজ্জামান ঢাকা থেকে পালিয়ে তাঁর এলাকায় আসেন। এ সময় তিনি অন্যের কাছে জানতে পারেন, মুক্তিযুদ্ধকালে আশরাফুজ্জামান ঢাকায় স্বাধীনতাবিরোধী কর্মকাণ্ড এবং বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। ডিসেম্বরের শেষ দিকে তাঁরা আশরাফুজ্জামানকে ধরতে তাঁর বাড়িতে যান। কিন্তু তাঁকে পাওয়া যায়নি। এর প্রায় ১৫ দিন পর ঢাকা থেকে পুলিশের এক কর্মকর্তা আশরাফুজ্জামানের খোঁজে তাঁদের এলাকায় আসেন। ওই কর্মকর্তা তাঁকে জানান, মুক্তিযুদ্ধকালে স্বাধীনতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় ঢাকার মিরপুর ও রমনা থানায় আশরাফুজ্জামানের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।

রাষ্ট্রপক্ষের এ সাক্ষী আরও বলেন, দেশ স্বাধীনের পর আশরাফুজ্জামানের চাচাতো ভাই লুত্ফর রহমান তাঁকে জানান, বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে জড়িত থাকায় আশরাফুজ্জামানের বিরুদ্ধে ‘দৈনিক পূর্বদেশ’ পত্রিকায় প্রতিবেদন বেরিয়েছে। পরে তিনি জানতে পারেন, আশরাফুজ্জামান ভারত থেকে পাকিস্তান হয়ে যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন।

জবানবন্দি শেষে ফিরোজ খানকে জেরা করেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান। আইনজীবী প্রশ্ন করেন, আশরাফুজ্জামানের বাড়ি থেকে আপনাদের বাড়ির দূরত্ব কত? জবাবে সাক্ষী বলেন, এক মাইল।

আইজীবী জানতে চান, আপনি কোনো বই লিখেছেন? সেখানে কি আশরাফুজ্জামানের নাম আছে? জবাবে সাক্ষী বলেন, তিনি ‘মুকসুদপুরে মুক্তিযুদ্ধ’ নামের একটি বই লিখেছেন। তবে ওই বইয়ের প্রেক্ষাপট মুকসুদপুর হওয়ায় সেখানে তিনি আশরাফুজ্জামানের নাম লেখেননি। এ সময় আইনজীবী বলেন, আপনি একাত্তরের মার্চ থেকে এলাকায় ছিলেন না, আশরাফুজ্জামানকে আপনি দেখেননি এবং আশরাফুজ্জামানকে জড়িয়ে ‘মিথ্যা’ সাক্ষ্য দিলেন। জবাবে সাক্ষী বলেন, এটা সত্য নয়। ফিরোজ খানের সাক্ষ্যগ্রহণ শেষে এ মামলার কার্যক্রম আগামী মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।