'স্বাধীনতার প্রকৃত ইতিহাস এখন রচিত হচ্ছে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন স্বাধীনতার ইতিহাস নিয়ে যা হচ্ছে তা প্রকৃত ইতিহাস নয়, প্রোপাগান্ডা—এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, স্বাধীনতার প্রকৃত ইতিহাস এখন রচিত হচ্ছে না। প্রোপাগান্ডা শেষ হলে স্বাধীনতার প্রকৃত ইতিহাস রচনা শুরু হবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনসংলগ্ন নুর আহমেদ সড়কে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চট্টগ্রাম নগর বিএনপি এ আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন। বক্তব্য দেন নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম।
আমীর খসরু মাহমুদ চৌধুরী দাবি করেন, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে যা বলা হচ্ছে তাতে সত্য নেই। তাঁর অভিযোগ, ইতিহাসের নামে এখন সকাল-বিকেল গল্প শোনানো হচ্ছে। সময়মতো জনগণ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে বলে দাবি করেন তিনি। যাঁরা মুক্তিযুদ্ধে অংশ না নিয়ে ওপারে পালিয়ে গিয়েছিলেন, তাঁরাও মুক্তিযোদ্ধা হয়ে গেছেন বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সেদিন মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তৈরি হয়েছিল গণতন্ত্র, মানুষের ভোটাধিকার অর্জনের জন্য। কিন্তু দুঃখের বিষয় এখন আবার দেশে আন্দোলন করতে হচ্ছে গণতন্ত্র, জনগণের ভোটাধিকার ও মানবাধিকার ফিরিয়ে আনতে। যাঁরা জনগণের ভোটাধিকার কেড়ে নেন, তাঁরা ক্ষমতায় থাকার জন্য বাকি অধিকার কেড়ে নেন।