'স্বাধীনতার বিরোধীরাই সহিংসতা ছড়াচ্ছে'
সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১ আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, স্বাধীনতাবিরোধীরা দেশে সহিংসতা ছড়াচ্ছে। ধর্মকে ব্যবহার করে প্রচারণা চালাচ্ছে। এই শক্তিকে রুখতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বৃহত্তর ঐক্য দরকার।
‘স্বাধীনতার চার দশকে আমাদের প্রাপ্তি, ব্যর্থতা এবং বর্তমানে করণীয়’ বিষয়ে গতকাল মঙ্গলবার সকালে জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে আলোচনা সভায় এই আহ্বান জানানো হয়।
আলোচনা সভার প্রধান অতিথি মুক্তিযুদ্ধের ৩ নম্বর সেক্টরের কমান্ডার মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ বলেন, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করা হচ্ছে। একাত্তরের পরাজিত গোষ্ঠীরা আগের মতোই মাঠে নেমেছে। এদের প্রতিরোধ করতে হবে।
সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘স্বাধীনতাবিরোধীরা আগেও স্বাধীন বাংলাদেশ চায়নি, এখনো চায় না। এদেরকে না চেনার কোনো কারণ নেই। যারা মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা এনেছে, তাদের পরাভূত করা অসম্ভব ব্যাপার। এ জন্য মুক্তিযুদ্ধের পক্ষের ঐক্য ধরে রাখতে হবে।’
মুক্তিযোদ্ধা শহিদুল হক মামা বলেন, বঙ্গবন্ধু হাসপাতালে অসুস্থতার ভান করে সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীরা গরু-খাসি খাচ্ছে। এদের বিচারের রায় দ্রুত কার্যকর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।