‘স্বাধীনতাসৌধ’ উদ্বোধন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সদরের ডাকবাংলো মাঠে নবনির্মিত নান্দনিক স্থাপত্যশৈলী ‘স্বাধীনতাসৌধ’ গতকাল রোববার বিজয় দিবসে উদ্বোধন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার-২ (কুলাউড়া ও কমলগঞ্জের একাংশ) আসনের সাংসদ নওয়াব আলী আব্বাস খান সৌধটি উদ্বোধন করেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান চৌধুরী, সাবেক সাংসদ এম এম শাহীন, কুলাউড়া পৌরসভার মেয়র কামাল উদ্দিন আহমদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সূত্র জানায়, এলাকাবাসী ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে এ স্থাপনাটি নির্মিত হয়েছে। এর নকশা করেছে সিলেটের ‘ক্ষিতি স্থপতি’ নামের একটি প্রতিষ্ঠান। সরেজমিনে দেখা গেছে, সৌধের সামনে পাকার সিঁড়ি। এর পর চওড়া বেদি। সৌধের পেছনে আকাশের দিকে হেলানো সাতটি পাকা স্তম্ভে কাচ লাগানো হয়েছে। ক্ষিতি স্থপতির কর্ণধার রাজন দাস প্রথম আলোকে বলেন, সাতটি স্তম্ভ সাতজন বীরশ্রেষ্ঠর প্রতীক নির্দেশ করছে। হেলানো স্তম্ভগুলোর কাচে সূর্যের প্রতিবিম্ব সৃষ্টি হবে। দর্শকেরা মাথা উঁচু করে স্তম্ভের দিকে তাকিয়ে মুক্ত আকাশ দেখবে। সাংসদ নওয়াব আলী আব্বাস খান প্রথম আলোকে বলেন, ডাকবাংলো মাঠের প্রায় এক একর জায়গাজুড়ে একটা কমপ্লেক্স করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে শত বছরের পুরোনো ডাকবাংলোটির অবকাঠামো ঠিক রেখে চারপাশে ইটের গাঁথুনি দিয়ে এটিকে সুরক্ষা করা হয়েছে। পাশের শিরীষতলা ঘিরে ‘মুক্ত মঞ্চ’ করা হয়েছে।