
‘মুই কি বাচিম (বাঁচব)? মোর দুই মেয়ের বিয়া দিছি। বাকি মেয়ে দুইটার কী হইবে?’ ভাঙা ভাঙা কণ্ঠে কদিন আগে এ কথাগুলোই বলছিলেন পেট্রলবোমা হামলার শিকার আবদুর রশিদ। তাঁর কথা নিয়ে ২৫ জানুয়ারি প্রথম আলোয় খবরও প্রকাশিত হয়। অস্ফুট স্বরে ব্যক্ত করা সেই শঙ্কার কাছে অবশেষে হেরে চিরতরে চলেই গেলেন তিনি।
চার দিন দুঃসহ যন্ত্রণা ভোগ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার ভোর পাঁচটার দিকে মারা গেছেন আবদুর রশিদ (৩৮)। ট্রাকচালকের সহকারী ছিলেন তিনি।
আবদুর রশিদের স্ত্রী সুলতানা আকতার হাসপাতালের বারান্দায় অঝোরে কাঁদছিলেন। স্বামীর মৃত্যুশোকে বিপর্যস্ত সুলতানা বলেন, ‘মোর স্বামী বাইচপার চাইছিল। কিন্তু আর বাচিল না। এলা দুই মেয়েকে নিয়া কেমন করিয়া সংসার চলবে?’
আবদুর রশিদের বাড়ি দিনাজপুরের সদর উপজেলার সরোয়ার অটোমিলস খোয়াড়ের মোড় এলাকায়। ২৩ জানুয়ারি রাত দেড়টার দিকে দিনাজপুরের চিরিরমন্দর উপজেলার ভুসিরবন্দর সেতু এলাকায় ট্রাকে ছোড়া পেট্রলবোমায় অগ্নিদগ্ধ হন তিনি। রাতেই তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তাঁর মুখমণ্ডলসহ শরীরের বেশির ভাগ অংশ পুড়ে যায়।
ওই রাতে ট্রাক নিয়ে রংপুর থেকে দিনাজপুরে যাচ্ছিলেন আবদুর রশিদ। হামলায় ট্রাকচালক হামিদুর রহমানও দগ্ধ হন। তাঁকেও একই হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর বাড়িও দিনাজপুর সদরে। হামলার পর থেকে হাসপাতালটির বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা চলছিল আবদুর রশিদের।
হাসপাতালের বার্ন ইউনিট ও প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসক মারুফুল ইসলাম বলেন, আবদুর রশিদের শ্বাসনালিসহ শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে।
আবদুর রশিদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক আবদুল কাদের খান। আবদুর রশিদের মৃত্যুর পর এখন পেট্রলবোমার শিকার হয়ে এ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ছয়জন। তাঁদের সরকারিভাবে ১০ হাজার টাকা করে চিকিৎসা-সহায়তা দেওয়া হয়েছে।