‘স্বামীর হত্যাকারীদের বিরুদ্ধে মামলা করে চরম বিপদে পড়েছি। প্রভাবশালী আসামিরা মামলা তুলে নিতে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিচ্ছে। হুমকির কারণে ঘর ফেলে দুই সন্তান নিয়ে পালিয়ে বেড়াচ্ছি। কিন্তু পুলিশ এখনো কোনো আসামিকে ধরতে পারেনি।’
গতকাল বুধবার কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়ার গৃহবধূ সলিমা খাতুন (২৫)।
সলিমা খাতুনের বাবা আবু শামা এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। তিনি বলেন, গত ২৮ মে গর্জনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৭ মে মধ্যরাতে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী তৈয়ব উল্লাহ চৌধুরীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় গুরুতর আহত হন সলিমা খাতুনের স্বামী মনজুর আলম (৩০)। ২৮ মে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যায়। মনজুর ইউনিয়ন যুবলীগের সদস্য ছিলেন।
৯ জুন মনজুরের স্ত্রী সলিমা খাতুন গর্জনিয়া ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামসহ ২০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। নজরুল আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী ছিলেন।
সংবাদ সম্মেলনে সলিমা খাতুনের কোলে ছিল ২১ মাস বয়সী মেয়ে নুসরাত জাহান। পাশে ছিল ছেলে শিফাত হোসেন (৪)। সলিমা খাতুন বলেন, ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের সমর্থক ছিলেন তাঁর স্বামী। সৈয়দ নজরুলের সন্ত্রাসীদের হামলায় তিনি মারা যান। তাই সৈয়দ নজরুলকে হত্যা মামলার প্রধান আসামি করা হয়েছে। এখন তিনি মামলা তুলে নিতে ভয়ভীতি দেখাচ্ছেন। ভয়ে তিনি দুই শিশুসন্তান নিয়ে এবাড়ি-ওবাড়ি পালিয়ে বেড়াচ্ছেন।
সলিমা খাতুন বলেন, ‘এই রোজার মাসে ঠিকমতো খেতে পারছি না। দুই ছেলেমেয়েকে ঈদের জামাকাপড়ও কিনে দিতে পারিনি।’
নানাভাবে চেষ্টা করেও এ ব্যাপারে সৈয়দ নজরুল ইসলামের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তাঁর মুঠোফোন পাওয়া গেছে। মামলার আগে সৈয়দ নজরুল ইসলাম প্রথম আলোকে বলেছিলেন, নিহত মনজুর আলম তাঁর একনিষ্ট সমর্থক ছিলেন। তৈয়ব উল্লাহ চৌধুরীর লোকজনই মনজুরকে বেদম মারধর করে হত্যা করেছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, মামলার আসামিরা পালিয়ে যাওয়ায় তাঁদের ধরা যাচ্ছে না। তিনি আরও বলেন, মামলার বাদী সলিমা খাতুনের নিরাপত্তার ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।