‘স্বার্থান্বেষী মহলের স্বার্থে পার্বত্য চুক্তি বাস্তবায়ন করা হয়নি’
জনসংহতি সমিতি (জেএসএস) ও পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) নেতারা বলেছেন, স্বার্থান্বেষী মহলের স্বার্থে পার্বত্য চট্টগ্রামের সমস্যা জিইয়ে রাখতে পার্বত্য চুক্তি বাস্তবায়ন করা ও আদিবাসীদের স্বীকৃতি দেওয়া হয়নি। এ ছাড়া পার্বত্য অঞ্চলের পরিস্থিতি আবারও উত্তপ্ত করার পাঁয়তারা চালানো হচ্ছে। পিসিপির বান্দরবান সদর উপজেলা ও বান্দরবান সরকারি কলেজ কমিটির সম্মেলনে গতকাল বৃহস্পতিবার নেতারা এসব কথা বলেন। সকাল ১০টায় জেলা শহরের উজানিপাড়ার ত্রিপুরা কল্যাণ সংসদ এলাকা থেকে পার্বত্য চুক্তি বাস্তবায়ন, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবি এবং বাঘাইছড়ি ও দীঘিনালায় গত বুধবারের সহিংস ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়।মিছিল শেষে ত্রিপুরা কল্যাণ সংসদের মিলনায়তনে সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি মংএচিং মারমার সভাপতিত্বে জেলা সম্মেলন হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেএসএসের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক কেএস মং। বিশেষ অতিথি ছিলেন জেএসএস জেলা সভাপতি সাধুরাম ত্রিপুরা। বক্তব্য দেন কেন্দ্রীয় ভূমিবিষয়ক সম্পাদক চিংহ্লা মং চাক, পিসিপির জেলা সভাপতি মংস্তু মারমা প্রমুখ।সম্মেলন শেষে পিসিপির বান্দরবান সদর উপজেলা ও বান্দরবান কলেজ কমিটির নতুন কমিটি ঘোষণা করা হয়। উপজেলা কমিটিতে উবাচিং মারমাকে সভাপতি ও উচিংহ্লা মারমাকে সাধারণ সম্পাদক এবং কলেজ কমিটিতে অংক্যচিং মারমাকে সভাপতি ও সুজয় চাকমাকে সাধারণ সম্পাদক করা হয়।