'স্বার্থের দ্বন্দ্ব থেকেই উপাচার্য অপসারণ আন্দোলন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ সোমবার সংবাদ সম্মেলনে সরকার-সমর্থক শিক্ষকদের একাংশ ‘মহান  মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’।ছবি: আনিস মাহমুদ
আজ সোমবার সংবাদ সম্মেলনে সরকার-সমর্থক শিক্ষকদের একাংশ ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’।ছবি: আনিস মাহমুদ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আমিনুল হক ভূইয়াকে অপসারণ করার যে আন্দোলন এর পেছনে স্বার্থের দ্বন্দ্ব রয়েছে। আজ সোমবার সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেছে সরকার-সমর্থক শিক্ষকদের একাংশ ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’।

সংবাদ সম্মেলনে বলা হয়, একটি অনুষদের ডিনের সঙ্গে পদার্থবিজ্ঞান বিভাগের স্থান বরাদ্দ নিয়ে দ্বন্দ্বের জের ধরে উপাচার্যবিরোধী আন্দোলনের সূত্রপাত হয়। শিক্ষক সমিতিতে একই ইস্যুতে উপাচার্যের প্রতি অনাস্থা প্রস্তাব নাকচ হয়ে যাওয়ার পর আন্দোলন চালিয়ে যাওয়া হয়। পরে শিক্ষামন্ত্রীর সঙ্গে বিভিন্ন সময়ে আলোচনার পর আন্দোলন বন্ধ রেখে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে শিক্ষা মন্ত্রণালয় আহ্বান জানায়। কিন্তু সেই আহ্বানকে অগ্রাহ্য করে নতুন করে আন্দোলন অব্যাহত রাখায় আন্দোলনের উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করেছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ‘আমরা মনে করি উপাচার্যের বিরুদ্ধে আনীত অভিযোগ কোনোভাবেই তাঁর অপসারণ আন্দোলনের ভিত্তি হতে পারে না, কোনো ব্যক্তিগত স্বার্থের দ্বন্দ্ব থেকেই উপাচার্য অপসারণ আন্দোলনের উৎপত্তি। আমাদের সহকর্মীদের আনীত অভিযোগের প্রতি যথাযথ গুরুত্ব দিয়েই তদন্ত সাপেক্ষে তার নিষ্পত্তির প্রয়োজনীয়তা অনুভব করি। বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশের স্বার্থে যেকোনো অভিযোগ-অনুযোগ আলোচনার ভিত্তিতেই সমাধান জরুরি।’

আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘সি’-তে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব বিষয় তুলে ধরা হয়। ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ এর আহ্বায়ক মো. আখতারুল ইসলাম স্বাক্ষরিত ‘শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অপসারণ আন্দোলন ও আমাদের অবস্থান’ শিরোনামে তিন পৃষ্ঠার লিখিত বক্তব্যের কপি সাংবাদিকদের হাতে দেওয়া হয় ও তা পড়ে শোনানো হয়।

এ সময় তাঁর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক রাশেদ তালুকদার, চলতি ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব ও পুর ও পরিবেশ কৌশল বিভাগের শিক্ষক মুশতাক আহমদ, সাবেক প্রক্টর হিমাদ্রী শেখর রায় ও শহীদ জননী জাহানারা ইমাম হলের প্রাধ্যক্ষ আমেনা পারভিন উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্য পাঠের পর তাঁরা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এদিকে বেলা সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘শাবিপ্রবির শিক্ষকবৃন্দ’ ব্যানারে উপাচার্যকে অপসারণের নামে ‘বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার প্রতিবাদে মানববন্ধন’ করেছেন উপাচার্যপন্থী শিক্ষকেরা। মানববন্ধন শেষে সমাবেশে শিক্ষক সমিতির সভাপতি মো. কবির হোসেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক রাশেদ তালুকদার, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রধান দিলারা বেগম, আখতারুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

সমাবেশে শিক্ষক সমিতির সভাপতি বক্তৃতায় বলেন, ‘সামান্য স্পেস কমিটির সমস্যা নিয়ে আন্দোলনের নামে বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা চলছে। বিশ্ববিদ্যালয়কে ভালোবাসলে আমরা ভর্তি পরীক্ষাকে বিঘ্নিত করতে পারি না। শিক্ষামন্ত্রীর নির্দেশনা তাঁরা মানেন না, আইন মানেন না, সরকার মানেন না, শিক্ষক সমিতির সিদ্ধান্ত মানেন না। আমরা একদিনের জন্যও বিশ্ববিদ্যালয় বন্ধ চাই না। সরকারের কাছে আবেদন, গত পাঁচ মাসে বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে, তার একটি তদন্ত করে প্রতিকারমূলক ব্যবস্থা নিন।’