‘স্বাস্থ্য কমপ্লেক্স’ নির্মাণের দাবিতে আন্দোলনে যাচ্ছে এলাকাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ‘স্বাস্থ্য কমপ্লেক্স’ নির্মাণের দাবিতে এলাকাবাসী আন্দোলনে যাচ্ছে। এ ব্যাপারে ‘স্বাস্থ্য কমপ্লেক্স বাস্তবায়ন কমিটি’ একটি মতবিনিময় সভা করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থান নির্ধারণ নিয়ে আইনি জটিলতার কারণে জুড়ীতে স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের কাজ প্রায় ছয় বছর ধরে আটকে আছে। অথচ স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীতে বেশ আগেই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, দুজন চিকিৎসা কর্মকর্তা, একজন চিকিৎসা সহকারী, একজন চিকিৎসা প্রযুক্তিবিদ (দাতব্য), একজন ইপিআই প্রযুক্তিবিদ ও ১৫ জন চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে। সদর জায়ফরনগর ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের একটি কক্ষ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্স না থাকায় প্রয়োজনীয় ওষুধপত্রও সরবরাহ করা হচ্ছে না। সূত্র জানায়, এ পরিস্থিতিতে জেলা স্থান নির্ধারণ কমিটির তৃতীয় প্রস্তাবিত এলাকা উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের জুড়ী-ফুলতলা সড়কের পাশে ভবানীপুর গ্রামে স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের দাবিতে স্থানীয় ‘স্বাস্থ্য কমপ্লেক্স বাস্তবায়ন কমিটি’ ৫ নভেম্বর বেলা ১১টার দিকে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভা করে। কমিটির সভাপতি শফিক আহমেদের সভাপতিত্বে সেখানে বক্তব্য দেন কমিটির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজমুল ইসলাম, আওয়ামী লীগের নেতা বদরুল আলম, আবদুল কাইয়ুম, জাতীয় পার্টির উপজেলা কমিটির সভাপতি মাহবুবুল আলম প্রমুখ। সভায় বিভিন্ন এলাকার লোকজন অংশ নেয়। সভায় বক্তারা বলেন, ‘এলাকার লোকজনকে চিকিৎসাসেবা পেতে পার্শ্ববর্তী কুলাউড়া অথবা বড়লেখা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হয়। কিন্তু রাস্তাঘাটের বেহাল অবস্থা ও রাতের যানবাহন না পাওয়ায় প্রসূতিসহ অন্যান্য রোগীর অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। মানুষজন দুর্গতির মধ্যে আছে। ভবানীপুরের প্রস্তাবিত স্থানটি উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যবর্তী। ওই স্থানের জমির মালিকেরা মামলা-মোকদ্দমা করবেন না বলেও সবাইকে আশ্বস্ত করেছেন। তাই স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণকাজ দ্রুত শুরু করতে হবে। অন্যথায় জুড়ীবাসী আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করবে।’ সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘স্বাস্থ্য কমপ্লেক্স বাস্তবায়ন কমিটি’ একই দাবিতে ২ নভেম্বর জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী বরাবর একটি লিখিত আবেদন দেয়। এ ছাড়া উপজেলা সদরে একটি বাড়ি ভাড়া করে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম চালু করতে এলাকাবাসীর পক্ষ থেকে ভবানীপুর গ্রামের বাসিন্দা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবদুস শহীদ চৌধুরী গত ১৪ আগস্ট মৌলভীবাজারের সিভিল সার্জন বরাবর একটি লিখিত আবেদন করেন।সিভিল সার্জন গোলাম রাজ্জাক চৌধুরী জানান, বাড়ি ভাড়ার ব্যাপারে নির্দেশনা চেয়ে গত ২ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) কাছে তিনি একটি চিঠি দিয়েছেন। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি।জেলা স্থান নির্ধারণ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘জুড়ীতে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্স হোক সেটা আমরাও চাইছি। কিন্তু মামলা-মোকদ্দমাসংক্রান্ত জটিলতার নিষ্পত্তি না হওয়ায় কাজ শুরু করা যাচ্ছে না। ভবানীপুরে স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের সম্ভাব্যতা যাচাই করে দেখা হবে।’