'স্বাস্থ্য খাতের অর্জন ধরে রাখা অসম্ভব হয়ে পড়ছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য খাতের অর্জন ধরে রাখা অসম্ভব হয়ে পড়ছে বলে আশঙ্কা প্রকাশ করেছে ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট। গতকাল শনিবার সংগঠনটির অষ্টম জাতীয় সম্মেলনে এই উদ্বেগের কথা জানান চিকিৎসকেরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় অধ্যাপক এম আর খান বলেন, চিকিৎসা প্রদানের ভিত্তি হতে হবে নৈতিকতানির্ভর। ভাষাসৈনিক আহমদ রফিক বলেন, চিকিৎসককে মানবমুখী ও মানবদরদি হতে হবে। মনে রাখতে হবে চিকিৎসা বাণিজ্য নয়, সেবা।
সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবু সাঈদ সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে বাংলাদেশ এগোলেও এই অগ্রগতি কতটা ধরে রাখা সম্ভব হবে সে নিয়ে সংশয় প্রকাশ করেন। তিনি বলেন, ‘সন্দেহ নেই জনস্বাস্থ্য সচেতনতা, রোগ প্রতিরোধক ও প্রতিষেধক-ব্যবস্থা আর তৃণমূল পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার বিস্তার দেশের স্বাস্থ্যসূচককে সন্তোষজনক ও গ্রহণযোগ্য পর্যায়ে উন্নীত করেছে। কিন্তু আমরা এখনো শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভিয়েতনাম আর ভারত থেকে অনেক পেছনে আছি।’ তিনি আরও বলেন, স্বাস্থ্য বাজেটে বরাদ্দ না বেড়ে বরং আশঙ্কাজনকভাবে কমা, চিকিৎসার সুস্থ পরিবেশ রক্ষায় বা ব্যবস্থাপনায় সরকারের চরম অবহেলা, স্বজনপ্রীতি-দুর্নীতি-দলীয়করণ, চিকিৎসা শিক্ষার ক্রমাবনতি, চিকিৎসকদের নিরাপদে ও নিঃসংকোচে কাজ করায় বাধা ইত্যাদি কারণে স্বাস্থ্য ব্যবস্থা এখন ধ্বংসের মুখে।
এ বছর সম্মেলনের মূল স্লোগান ছিল, নিরাপদ কর্মক্ষেত্র এবং মানসম্মত চিকিৎসাব্যবস্থা নিশ্চিত হোক। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন চিকিৎসকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ হাসান এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আবদুল মতিন।
সম্মেলনে চিকিৎসাসেবা ও সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য রবিউল হক ও এড্রিক এস বেকারকে সম্মাননা প্রদান করা হয়।
দ্বিতীয় অধিবেশনে সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। কাউন্সিল অধিবেশনে পরবর্তী দুই বছরের জন্য নাজমুন নাহারকে সভাপতি, কাজী রকিবুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়। বারডেম হাসপাতালের মহাপরিচালক নাজমুন নাহার বলেন, প্রতিষ্ঠার শুরু থেকেই ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট স্বাস্থ্য খাতে সুশাসন নিয়ে কাজ করে আসছে। এই কাজ অব্যাহত থাকবে।