ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আনিসুল হকের নির্বাচনী ইশতেহার কোনো হোমওয়ার্ক না করেই তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেছেন মাহী বি চৌধুরী। গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে মাহী তাঁর নির্বাচনী ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন।
নিজেকে প্রজন্মের প্রার্থী হিসেবে উল্লেখ করে বিকল্পধারার এই যুগ্ম মহাসচিব বলেন, ‘ওনার (আনিসুল হক) ইশতেহারকে অন্তঃসারশূন্য বলায় উনি মনে কষ্ট পেয়েছেন বলে শুনতে পেয়েছি। ওনার কষ্টের কথা শুনে আমিও কষ্ট পেয়েছি।’ এই মন্তব্য করে মাহী বলেছেন, ‘কোটি লোকের দায়িত্ব নিতে চান কিন্তু সিটি করপোরেশনের কী করার ক্ষমতা আছে আর কী নেই তা একটু কাগজ উল্টে দেখবেন না তা তো হয় না।’
মাহী বি চৌধুরী নগরের সমস্যাকে ‘স্মার্ট’ পদ্ধতিতে সমাধান করার অঙ্গীকার করে তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় রাজধানীর বনানীর লেকশোর হোটেলে তিনি এ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।
মাহী বি চৌধুরী তাঁর ‘স্মার্ট’ পদ্ধতির ব্যাখ্যা করে বলেন, ‘এস ফর স্পেসিফিক (সুনির্দিষ্ট), এম ফর মেজারেবল (গণনাযোগ্য), এ ফর অ্যাচিব্যাবল (অর্জনযোগ্য), আর ফর রিয়েলিস্টিক (বাস্তবসম্মত) এবং টি ফর টাইম বাউন্ড (সময় নির্ধারিত)। অর্থাৎ, সমস্যাগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে হবে, কীভাবে সমাধান করব তা গণনাযোগ্য হতে হবে।’
ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে মাহীর বাবা সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী, বিকল্পধারার সাধারণ সম্পাদক মেজর (অব) আবদুল মান্নানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।