'স্মৃতির জানালা খুলে দাও'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ষাট, সত্তর ও আশির দশকের ছাত্রলীগের নেতা-কর্মীরা যেন ফিরে গেলেন সেই পুরোনো দিনগুলোতে। তাঁদের কেউ এখন রাজনৈতিক নেতা, কেউবা শিক্ষাবিদ, আবার কেউ ব্যবসায়ী। ‘সংগঠনে-সংগ্রামে স্মৃতির জানালা খুলে দাও’ শীর্ষক এই এক মিলনমেলা তাঁদের সবাইকে এক করেছে। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রামের কাট্টলী এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান হয়।
মিলনমেলা প্রস্তুতি কমিটির আহ্বায়ক জহির উদ্দিন মাহমুদের সভাপতিত্বে স্মৃতিচারণামূলক এই অনুষ্ঠানে অংশ নেন সাবেক গণপরিষদ সদস্য ইসহাক মিয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, হাজী মুহাম্মদ মুহসীন কলেজের সাবেক অধ্যক্ষ ফজলুল হক, প্রবীণ আইনজীবী আনোয়ারুল কবির চৌধুরী, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন, মোরশেদ আকতার চৌধুরী, মহিলা কাউন্সিলর আবিদা আজাদ প্রমুখ।
স্মৃতিচারণামূলক অনুষ্ঠানে ছাত্রলীগের সাবেক নেতারা বলেছেন, বাংলাদেশ ও বঙ্গবন্ধু একে অপরের পরিপূরক। তাঁর নির্দেশে নেতা-কর্মীরা ষাটের দশকে রাজপথ কাঁপিয়ে পাকিস্তানি শাসকদের তটস্থ করে রেখেছিলেন।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মিলনমেলা কর্মসূচির সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের পর বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি ঢাকা ট্রাংক রোড প্রদক্ষিণ করে আবার মিলনায়তনে এসে শেষ হয়। অনুষ্ঠানে ছাত্রলীগের সাবেক নেতা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরীকে সম্মাননা প্রদান করা হয়। সন্ধ্যায় গণসংগীত পরিবেশন করেন শিল্পীরা। ছিল মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র গেরিলার প্রদর্শনী।