‘স্মৃতিসৌধে নয়, মুক্তিযোদ্ধাদের বুকে শাবল চালানো হচ্ছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা পৌরসভার উদ্যোগে শহরের হাসান চত্বরে নির্মাণাধীন জেলার একমাত্র স্মৃতিসৌধটি পূর্ণ অবয়ব পাওয়ার আগেই তা ভেঙে ফেলা হচ্ছে। গতকাল শনিবার সকাল থেকে পৌরসভা নিযুক্ত ঠিকাদার অসমাপ্ত স্মৃতিসৌধ ভাঙার কাজ শুরু করেছেন। প্রায় ১৮ লাখ টাকা খরচের পর নির্মাণাধীন স্মৃতিসৌধটি ভেঙে ফেলার সিদ্ধান্তে মুক্তিযোদ্ধারা উদ্বেগ প্রকাশ করেছেন। হতবাক হয়েছে সাধারণ মানুষ।গতকাল সকাল সাতটা থেকে স্মৃতিসৌধ ভাঙার কাজ শুরু করেন ঠিকাদারের নিযুক্ত শ্রমিক আকছেদ, বজলু, ইউনুচ ও রুবেল। সেখানে উপস্থিত ঠিকাদারের সহকারী মনিরুজ্জামান জানান, পৌরসভা থেকে ঠিকাদার জাহাঙ্গীর আলম এটা ভাঙার দায়িত্ব পেয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, চুয়াডাঙ্গা পৌরসভার উদ্যোগে ১৯৯৭ সালে ২৮ লাখ টাকা ব্যয়ে শহরের শহীদ হাসান চত্বরের পাশে স্মৃতিসৌধের নির্মাণকাজ শুরু হয়। সে সময়ের পৌর চেয়ারম্যান অহিদুল ইসলাম এই স্মৃতিসৌধ নির্মাণের উদ্যোগ নেন। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মতিয়ার রহমান নির্মাণকাজ শুরু করেন। স্মৃতিসৌধ নির্মাণের প্রায় শেষ পর্যায়ে ২০০২ সালে পৌরসভার নতুন পরিষদ ক্ষমতায় আসার পর কাজ বন্ধ হয়ে যায়। এরপর আর কাজ শুরু হয়নি। এদিকে কয়েক দিন ধরেই শহরে গুঞ্জন ছিল স্মৃতিসৌধটি ভেঙে ফেলা হবে।মুক্তিযোদ্ধা সংসদের সদর উপজেলা কমান্ডার হাফিজুর রহমান বলেন, ‘আমরা আশা করেছিলাম, বর্তমান পরিষদ স্মৃতিসৌধের বাকি কাজটুকু সম্পন্ন করবে। অথচ তা না করে ভেঙে ফেলা হচ্ছে। এ যেন স্মৃতিসৌধে নয়, মুক্তিযোদ্ধাদের বুকে হাতুড়ি-শাবল চালানো হচ্ছে, আমরা জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে যাব। এ ব্যাপারে মেয়রকে বারবার মৌখিক ও লিখিতভাবে জানালেও তিনি তাতে কর্ণপাত করেননি।’ সাবেক পৌর চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি অহিদুল ইসলাম বিশ্বাস বলেন, ‘এই স্মৃতিসৌধ নির্মাণ ছিল জেলাবাসীর প্রাণের দাবি। তাই আমি উদ্যোগ নিয়েছিলাম। যেহেতু বিএনপি-সমর্থিত চেয়ারম্যান এটা করেছেন, তাই রাজনৈতিক বিবেচনায় বর্তমান পরিষদ এই স্মৃতিসৌধ ভেঙে ফেলছে।’পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দার বলেন, রাজনৈতিক বিবেচনায় নয়, পরিকল্পিত নগর গড়তেই এ স্মৃতিসৌধ ভাঙা হচ্ছে। স্মৃতিসৌধের জায়গায় মুক্তমঞ্চ তৈরি করা হবে। যাতে রাস্তা দখল করে কোনো দল বা সংগঠনকে সভা-সমাবেশ করতে না হয়। তা ছাড়া শিগগিরই প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে শহীদ হাসান চত্বরেই দৃষ্টিনন্দন ভাস্কর্য স্থাপন করা হবে।’