‘দশম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর এইচ টি ইমাম আমাকে ডেকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে বললেন। গণভবনে গিয়ে দেখা করার পর নেত্রী (শেখ হাসিনা) আমাকে বললেন স্যাক্রিফাইস করতে। ২০১৪ সালের ওই নির্বাচনে আমি স্যাক্রিফাইস করেছি। আগামী নির্বাচনে দলের মনোনয়ন আমারই। আপনারা নিশ্চিত থাকুন।’
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত শনিবার বিকেলে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশে নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশ করে এ কথাগুলো বলেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের দুবারের (১৯৯৬ ও ২০০৮) সাবেক সাংসদ মো. আবদুছ ছাত্তার।
২০১৪ সালে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনটি জাপার হাতে ছেড়ে দেওয়ার পুরস্কার হিসেবে আবদুছ ছাত্তারকে কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদকের পদ দেওয়া হয় বলে ধারণা করা হয়। তিনি পরপর দুবার ওই পদে দায়িত্ব পালন করছেন।
শনিবারের কর্মী সমাবেশটি আয়োজন করা হয় সরিষা ইউনিয়ন পরিষদের পাশের খোলা আঙিনায়। সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল ইসলাম আকন্দ। সেখানে বক্তব্য দেন উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা ও নৌকা প্রতীক নিয়ে বিজয়ী সরিষা ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান ভূঁইয়া, সদর ইউপি চেয়ারম্যান আবু হানিফা। সমাবেশে উপস্থিত নানা পেশার দশজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, ১০ দিন আগে একই স্থানে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান মতবিনিময় সভা করেছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনিও আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী। ওই বাসিন্দারা আরও বলেন, মাহমুদ হাসান বিগত রমজানের ঈদের পর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে লাগাতার প্রচারণা চালাচ্ছেন। একই দলের একাধিক নেতার পাল্টাপাল্টি প্রচারণার ফলে ইউনিয়নের সাধারণ খেটে খাওয়া মানুষ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন বলে ধরে নিয়েছেন।
আবদুছ ছাত্তার তাঁর বক্তব্যের পুরো সময় দলের জন্য নিজের ত্যাগ ও সংসদ সদস্য থাকার সময় এলাকার যেসব উন্নয়ন কর্মকাণ্ড করেছেন তা উল্লেখ করেন। পাশাপাশি ২০১৪ সালের পর থেকে ঈশ্বরগঞ্জ উপজেলায় আশানুরূপ উন্নয়ন না হওয়ার সমালোচনা করেন।