‘স্যামসন এইচ চৌধুরী বেঁচে থাকবেন তাঁর কর্মে, সৃষ্টিতে’
বিশিষ্ট শিল্পপতি ও স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর স্মরণসভা গতকাল সোমবার পাবনা সদর উপজেলার বৈকুণ্ঠপুর গ্রামে তাঁর সমাধিস্থলে অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে পবিত্র বাইবেল পাঠের মধ্য দিয়ে স্মরণসভা শুরু হয়। এরপর পরিবারের সদস্যরা ধর্মীয় গান পরিবেশন করেন। সবশেষে মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা ও স্মৃতিচারণা করা হয়। এ সময় স্যামসন এইচ চৌধুরীর তিন ছেলে স্বপন চৌধুরী, তপন চৌধুরী, অঞ্জন চৌধুরী, মেয়ে রত্না চৌধুরীসহ পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।সভায় ন্যাশনাল খ্রিষ্টান ফেলোশিপ অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি দিলীপ দত্ত বলেন, ‘আমরা বিশ্বাস করি, স্যামসন এইচ চৌধুরীর মতো মানুষের মৃত্যু নেই। তিনি বেঁচে থাকবেন তাঁর কর্মে ও সৃষ্টিতে। তিনি সততার যে নজির সৃষ্টি করে গেছেন, তা সবার অনুসরণ করা উচিত।’স্যামসন এইচ চৌধুরীর স্ত্রী অনিতা চৌধুরী বলেন, ‘সবাই বলতেন কাজের মাঝে তিনি আমাকে ভুলে থাকতেন। কিন্তু আসলে তিনি আমাকে কখনোই ভুলে থাকেননি। আজ তিনি না থাকলেও আমাদের জন্য তাঁর ৩৫ হাজার সন্তানকে রেখে গেছেন। আমরা এই সন্তানদের যেন তাঁর মতো করে পরিচালনা করতে পারি—এ জন্য সবার দোয়া চাই।’ স্যামসন এইচ চৌধুরীর মেজ ভাই সত্যেন চৌধুরী বলেন, তিনি সব সময় গরিব মানুষকে সাহায্য করতেন, ভালোবাসতেন। ১৯৫৮ সালে তিনি দরিদ্র খ্রিষ্টান শিশুদের জন্য একটি এতিমখানা চালু করেন। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি মুহূর্তে তিনি মানুষের কল্যাণের কথা ভেবেছেন।