‘স্যার আমার বুকের ওপর পাড়া দিয়ে গদা দিয়ে মারতে থাকেন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মারতে মারতে আমার শরীরের চামড়া তুলে ফেলার কথা বলে স্যার বেত্রাঘাত শুরু করেন। একপর্যায়ে আমি মেঝেতে পড়ে যাই। তখন স্যার আমার বুকের ওপর পাড়া দিয়ে গদা (বড় লাঠি) দিয়ে মারতে থাকেন।’ হাসপাতালের বিছানায় শুয়ে শিক্ষকের অমানুষিক নির্যাতনের এভাবেই বর্ণনা দেয় মাদ্রাসাশিক্ষার্থী আবদুল কাইয়ূম। সিলেট নগরের যতরপুরে অবস্থিত শাহজালাল ক্যাডেট মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র সে। গত বুধবার রাতে মাদ্রাসার ছাত্রাবাসে এ নির্যাতনের ঘটনা ঘটেছে। পুলিশ আবদুল কাইয়ূমকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ রাতেই নির্যাতনকারী শিক্ষক মুজিবুল ইসলাম ও ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক আবদুল কুদ্দুসকে গ্রেপ্তার করেছে।আবদুল কাইয়ূম গতকাল প্রথম আলোকে বলেছে, ‘শিক্ষক মুজিবুল ইসলাম বুধবার রাত ১০টার দিকে আমার কক্ষে গিয়ে বলেন, আমার কাছে একটি মুঠোফোন আছে। আমার কাছে কোনো মুঠোফোন নেই বলতেই তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর শুরু করেন মারধর। মেঝেতে ফেলে গদা দিয়ে আমাকে মারধর করতে থাকেন। আবদুল কুদ্দুসও আমাকে মারধর করেন। প্রায় আধা ঘণ্টা তাঁরা আমাকে মারধর করেন। একপর্যায়ে আমি অজ্ঞান হয়ে যাই।’ গ্রেপ্তারের সময় শিক্ষক মুজিবুল ইসলাম বলেছেন, ‘ছাত্রাবাসে মুঠোফোন ব্যবহারের কোনো নিয়ম নেই। কাইয়ূম নিয়ম ভঙ্গ করায় ওকে একটু শাসানো হয়েছে।’ আবদুল কাইয়ূমের সহপাঠীরা জানায়, মারধরের পর ওই দুই শিক্ষক কাইয়ূমের স্থানীয় অভিভাবক তার খালাতো ভাই জুয়েল আহমদকে খবর দেন। জুয়েল আহমদ ছাত্রাবাসে গিয়ে কাইয়ূমকে রক্তাক্ত অবস্থায় দেখে ঘটনাটি পুলিশকে জানান। পুলিশ রাত একটার দিকে ঘটনাস্থলে গিয়ে কাইয়ূমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় জুয়েল আহমদ বাদী হয়ে থানায় মামলা করেন। সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নওরোজ জানান, প্রাথমিক তদন্তে আবদুল কাইয়ূমকে মারধরের ঘটনার সত্যতা পাওয়া গেছে। ৩০৭ ধারায় সংঘবদ্ধভাবে মারধরের অভিযোগে মামলা নেওয়া হয়েছে। গ্রেপ্তার দুই শিক্ষককে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, তদন্তের সময় শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারের শারীরিক নির্যাতন নিষিদ্ধ সংক্রান্ত ঘোষণাটি মাথায় রাখা হবে।জুয়েল আহমদ জানান, কাইয়ূমের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার বাণীগ্রামে। শাহজালাল ক্যাডেট মাদ্রাসার ছাত্রাবাসে থেকে সে ওই মাদ্রাসায় লেখাপড়া করছে।