‘স্যার একা কয়ডা ক্লাস নেবে তাই খেলতিছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলা ১১টা। বিদ্যালয়ের এবড়োখেবড়ো মাঠে হিজল গাছতলায় হৈ-হুল্লোড় করছে শিক্ষার্থীরা। পাশের ছোট মুদি দোকানে বসে আছে কয়েকজন। তোমাদের ক্লাস হচ্ছে না? কাছে গিয়ে এ প্রশ্ন করতেই তারা জবাব দিল, হ্যাঁ। কয়টি ক্লাস হয়েছে? তারা বলে, ‘স্যার নাই, একজন স্যার একা কয়ডা ক্লাস নেবে, তাই খেলতিছি।’নড়াইলের নলদী ইউনিয়নের হলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গত ২৪ জানুয়ারির চিত্র এটি। উপজেলা সদর থেকে ২২ কিলোমিটার দূরের এ বিদ্যালয়ে ছাত্রছাত্রী ২১৬ জন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার আবদুর রাজ্জাক জানান, তিনিসহ বিদ্যালয়ে শিক্ষক আছেন দুজন। তাই অন্য ক্লাসের শিক্ষার্থীরা মাঠে খেলা করছে। বিদ্যালয় সূত্র জানায়, দাপ্তরিক কাজে প্রধান শিক্ষককে উপজেলা শিক্ষা কার্যালয়ে যেতে হলে সহকারী শিক্ষক আরিফ নাসিরকে একাই সব সামলাতে হয়। পাঠদানসূচি অনুযায়ী সকালের পালায় প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে তিনটি করে ছয়টি ক্লাস এবং দ্বিতীয় পালায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে পাঁচটি করে ১৫টি ক্লাস নেওয়ার কথা। বিদ্যালয়ের সময়সূচি অনুযায়ী প্রতিদিন ২১টি ক্লাস দুজন শিক্ষকের পক্ষে নেওয়া সম্ভব নয়।প্রধান শিক্ষক জানান, বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করা দুজনের পক্ষে অসম্ভব। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।লোহাগড়া উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান বলেন, দু-এক দিনের মধ্যে শিক্ষক-সংকট নিরসন করা হবে।