'স্যার ভালো মানুষ হওয়ার শিক্ষা দিয়েছেন'
‘এম আর খান স্যার আমাদের শুধু চিকিৎসাবিদ্যাই শেখাননি, তিনি শিখিয়েছেন কীভাবে ভালো মানুষ হওয়া যায়। এখনো প্রতিদিন আমরা তাঁর কাছে এলে কিছু না কিছু শিখি। আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা তিনি। এই বয়সেও তিনি তরুণদের মতোই কাজ করে যাচ্ছেন।’
আজ শনিবার দুপুরে রাজধানীর সেন্ট্রাল হাসপাতাল মিলনায়তনে জাতীয় অধ্যাপক শিশু বিশেষজ্ঞ এম আর খানের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। তাঁর স্বাধীনতা পদক প্রাপ্তি উপলক্ষে বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ পেডিয়াট্রিক পালমোনজি ফোরাম ওই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের আয়োজক ও উপস্থিত প্রায় সবাই এম আর খানের ছাত্র ও শিশু বিশেষজ্ঞ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘এম আর খান স্যার আমাদের শিক্ষকই নন, পরম অভিভাবকও। তাঁর কাছে শিখেছি কীভাবে চিকিৎসকের পাশাপাশি ভালো মানুষ হওয়া যায়। তিনি কখনো কোনো রোগীকে ফেরত পাঠিয়েছেন, এটা হয়নি। হাসিমুখে সবার সেবা করে গেছেন। তিনি বাংলাদেশের শিশু চিকিৎসার অগ্রপথিক। তিনি শিখিয়েছেন মানুষের সঙ্গে কীভাবে ভালো ব্যবহার করতে হয়। তিনি চিকিৎসার পাশাপাশি নানা ধরনের সমাজ সেবামূলক কাজ করেছেন। পড়ানোর পাশাপাশি স্যার নৈতিকতা, আদর্শের শিক্ষাও আমাদের দিয়েছেন, যা আমাদের জীবনের প্রতি পদে পদে কাজে লাগছে।’ বক্তারা তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন।
সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এম আর খান শিক্ষার্থীদের সঙ্গে নানা স্মৃতিচারণা করেন। তিনি উপস্থিত সবাইকে চিকিৎসাসেবার পাশাপাশি সমাজসেবায় এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, ‘একটি কথা আমি সব সময় বলি, “রেগে গেলেন তো হেরে গেলেন।” রাগকে দমন করতে হবে।’ তিনি আরও বলেন, ‘আপনার মাধ্যমে কারও যেন ক্ষতি না হয়, সেটি খেয়াল রাখবেন। আমি আশা করি, এভাবে আপনাদের মধ্য থেকে এমন পুরস্কার বা এর চেয়ে বড় পুরস্কার পাবেন।’
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক এ কে আজাদ চৌধুরী, বাংলাদেশ পেডিয়াট্রিক পালমোনজি ফোরামের সভাপতি আবিদ হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক আল আমিন মৃধা, বারডেমের মহাপরিচালক নাজমুন নাহার, এফ এইচ নাজির, হামিদুর রহমান, রুহুল আমিন, এম আর খানের মেয়ে ম্যান্ডি করিম প্রমুখ। এম আর খানের পদক পাওয়া উপলক্ষে অনুষ্ঠানের শুরুতে কেক কাটা হয় ও শেষে তাঁর সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।