'স্যার, লাশ কেন? এটা তো ঠিক না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সাত খুনের পৃথক দুটি মামলায় র‌্যাব-১১ নরসিংদী ক্যাম্পের সাবেক কমান্ডার মেজর সুরুজ মিয়াসহ তৎকালীন পাঁচজন র‌্যাব সদস্য আদালতে সাক্ষ্য দিয়েছেন। পরে আদালত ১৩ জুন মামলার পরবর্তী তারিখ ধার্য করেন।

গতকাল সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেনের আদালতে তৎকালীন র‍্যাব সদস্যরা সাক্ষ্য দেন। এ সময় তাঁরা কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ থেকে শুরু করে হত্যার পর লাশ নদীতে ফেলে দেওয়ার ঘটনার বিবরণ আদালতে তুলে ধরেন।

সাত খুনের ঘটনার প্রধান আসামি নূর হোসেন ‘অসুস্থ বোধ’ করায় গতকালও তাঁর আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে কাঠগড়ার বাইরে একটি বেঞ্চে বসার ব্যবস্থা করা হয়।

আদালতে সাক্ষ্য দেওয়া র‌্যাব-১১-এর সাবেক সদস্যরা হলেন নরসিংদী ক্যাম্পের তৎকালীন ক্যাম্প কমান্ডার ও বর্তমানে র‌্যাব-৬ খুলনায় কর্মরত মেজর সুরুজ মিয়া, তৎকালীন সদস্য ও বর্তমানে খাগড়াছড়ি ৩১ আনসার ব্যাটালিয়নে কর্মরত ল্যান্স নায়েক মো. আজম আলী, তৎকালীন ডিএডি ও বর্তমানে রমনা থানার পিআই আবদুস সালাম শিকদার, তৎকালীন সদস্য ও বর্তমানে রংপুরে র‌্যাব-১৩-এ কর্মরত লিডিং সিম্যান আবদুস সামাদ এবং বর্তমানে ঢাকায় এপিবিএনে কর্মরত পুলিশের নায়েক আবদুর রাজ্জাক।

সাতজনের লাশ নদীতে ফেলার অন্যতম প্রত্যক্ষদর্শী ল্যান্স নায়েক আজম আলী আদালতে বলেন, ‘২০১৪ সালের ২৭ এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটায় লিডিং সিম্যান আবদুস সামাদ বলেন, রাতে মেজর আরিফ স্যারের সঙ্গে নদীতে টহল ডিউটি করতে হবে। আমাদের সঙ্গে আরও ছিলেন নায়েক রাজ্জাক। রাত আনুমানিক আটটার দিকে আমরা তিনজন নারায়ণগঞ্জ লঞ্চ ঘাট থেকে ট্রলার নিয়ে কাঁচপুরের উদ্দেশে রওনা দিয়ে রাত সাড়ে ১০টার দিকে সেখানে পৌঁছাই। পৌনে ১১টার দিকে মেজর আরিফ স্যার ও সাদাপোশাকে থাকা কয়েকজন লোক প্লাস্টিকের ১২-১৪টি ভারী বস্তা ট্রলারে তোলেন। এরপর মেজর আরিফের লোকজন সাতটি লাশ ট্রলারে তোলেন। লাশ দেখে আমরা তিনজনই প্রতিবাদ করে বলি, স্যার আমাদের টহল ডিউটি করতে আনছেন, লাশ কেন? এটা তো ঠিক না। তখন আরিফ স্যার আমাদের তিনজনকে ধমক দিয়ে বলেন, চুপ কর, যা বলি তাই কর।তারপর তিনি নির্দেশ দিয়ে বলেন, ট্রলার মুন্সিগঞ্জের মোহনায় নিয়ে যাও। রাত দুইটার পর আমরা ট্রলার নিয়ে মুন্সিগঞ্জে নদীর মোহনায় পৌঁছাই। তখন মেজর আরিফ স্যারের নির্দেশে তাঁর লোকজন প্রতিটি লাশের সঙ্গে দুটি করে বস্তা বেঁধে নদীতে লাশগুলো ফেলে দেন। লাশ ফেলা শেষ হলে আরিফ স্যারের নির্দেশে আমরা আবারও নারায়ণগঞ্জ লঞ্চঘাটে ফিরে যাই।’

ল্যান্স নায়েক আজম আলীর বক্তব্যের অনুরূপ সাক্ষ্য দেন ট্রলারে থাকা ওপর দুই সদস্য আবদুস সামাদ ও নায়েক আবদুর রাজ্জাক।

নারায়ণগঞ্জ আদালতের সরকারি কৌঁসুলি ওয়াজেদ আলী খোকন বলেন, গতকাল সাত খুনের ঘটনায় দুটি মামলায় র‌্যাব-১১-এর এক কর্মকর্তাসহ পাঁচজন আদালতে সাক্ষ্য দিয়েছেন। আসামিপক্ষের আইনজীবীরা তাঁদের জেরা করেছেন। আদালত ১৩ জুন মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন।

২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন র‍্যাবের হাতে অপহৃত হন। পরে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে ছয়জনের ও ১ মে আরও একজনের লাশ ভেসে ওঠে।