'স্যারে ঋণ দেলে হামার ঈদ হইবে, না হইলে নাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্যার, আমি একজন কৃষক। আমার একটা ঋণ দরকার।’ ব্যস্ত ব্যাংক ব্যবস্থাপক নিচু মাথায় বললেন, হবে না।
কৃষক কাঁদো কাঁদো গলায় বলতে থাকেন, ‘স্যার, আমি বাইগোন (বেগুন) আবাদ করছি। বাজারোত তাক কাঁয়ো নেয় না। বাইগোন ছিড়িয়া নদীত ফ্যালে দেওছি। একটা ঋণ না দিলে এবার ঈদোত বউয়ের একটা শাড়িও কিনবার পাবার নেই। ছউল পইল অনেক আশা করি আছে। অনুরোধ করছি স্যার, আমাক একটা ঋণ দেন।’
কৃষকের কথায় ব্যবস্থাপকের মন কিছুটা নরম হলো। তিনি বললেন, বেগুন নদীতে ফেলে দিচ্ছেন মানে? কৃষক তাঁর দুরবস্থার কথা তুলে ধরলেন। সব শুনে ব্যবস্থাপক বললেন, ‘আসলে কৃষকের চরম দুর্দিন চলছে। কিন্তু কী করার আছে। আমাকে নিয়মকানুনের মধ্যে চলতে হয়। তবু চেষ্টা করব আপনাকে একটা ঋণ দেওয়ার। আপনি প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে নিয়ে আসবেন।’
ব্যবস্থাপকের এমন আশ্বাসে মুহূর্তেই কৃষকের মলিন মুখ অনেকটা চকচক করে উঠল। জানা গেল, ওই কৃষকের নাম রওশন আলী (৩৫)। বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার চৌপথিরহাট কুড়ারপাড় গ্রামে। গত মঙ্গলবার বিকেলে ওই কৃষক বদরগঞ্জ সোনালী ব্যাংক শাখায় ঋণ পাওয়ার আশায় ব্যবস্থাপক মোস্তফা কামালের কাছে এসেছিলেন।
ব্যাংক কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় কৃষক রওশন প্রথম আলোকে বলেন, তিনি তিন বছর আগে ব্যাংকের ওই শাখা থেকে ১০ হাজার টাকা ঋণ নিয়ে এক একর জমিতে ধান লাগান। তখন থেকে পরপর তিন বছর ধান চাষ করে তাঁর লোকসান হয়। এবার একবুক আশা নিয়ে ৬০ শতকে বেগুন ও ৪৫ শতকে মরিচ লাগিয়েছেন। এতে তাঁর খরচ হয়েছে প্রায় ১৩ হাজার টাকা। এবারও তাঁর লোকসান হয়েছে। এক মণ (৪০ কেজি) বেগুন আর এক মণ মরিচ জমি থেকে তুলতে খরচ পড়ে ২০০ টাকার ওপরে। বাজারে রিকশাভ্যানে নিয়ে যেতে ভাড়া লাগে ৬০ টাকা। ইজারাদার খাজনা নেয় ৪০ টাকা। তোলা নেওয়া হয় ২০ টাকা। দুই মণ মরিচ বেগুন জমি থেকে তোলা ও বাজারে বিক্রি করা পর্যন্ত সব মিলিয়ে খরচ পড়ে অন্তত ৩২০ টাকা। কিন্তু বর্তমানে বাজারে প্রতিমণ মরিচ ৮০ টাকা ও প্রতিমণ বেগুন ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। তবু ক্রেতা নেই। তাই বেগুন-মরিচ বাজারে বিক্রি করতে না গিয়ে ফেলে দিতে হচ্ছে।
রওশন বলেন, বেগুন তুলে ফেলে না দিলে গাছে নতুন করে আর বেগুন আসবে না। বেগুন ও মরিচখেতের রোগবালাই দমনে প্রতি সাত দিন পর দেড় হাজার টাকা খরচ করে কীটনাশক দিতে হয়। এ কারণে কিছু বেগুনগাছ গোড়ার ওপরে কেটে দিয়েছেন। কাটা গাছে নতুন কুশি বের হয়ে দেরিতে বেগুন এলে হয়তো কিছু টাকা পাওয়া যাবে এমন আশায় আছেন।
রওশন আরও বলেন, ‘ঈদ আলছে। বউ-ছইলের কাপড় কিনবার নাগবে। স্যারে ঋণ দেলে হামার ঈদ হইবে, না হইলে নাই।’