বরিশাল-ঢাকা নৌপথে লঞ্চের অগ্রিম টিকিট সাধারণ যাত্রীরা পাচ্ছেন না। স্লিপের (একধরনের চাহিদাপত্র) বরাতে টিকিট চলে যাচ্ছে কালোবাজারে। পরে সেই টিকিট যাত্রীদের কাছে দ্বিগুণ-তিন গুণ দামে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
তবে লঞ্চমালিকদের দাবি, সাধারণ যাত্রীদের গুরুত্ব বিবেচনায় নিয়ে অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে। কালোবাজারে টিকিট বিক্রির অভিযোগ ভিত্তিহীন। প্রকৃত যাত্রীরা যাতে টিকিট পায়, সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে।
প্রতিবছরের মতো এবারও ঈদ উপলক্ষে বিলাসবহুল লঞ্চগুলোর কেবিনের টিকিট অগ্রিম দেওয়া শুরু হয়েছে। বরিশাল-ঢাকা নৌপথে চলাচলকারী সুরভী, সুন্দরবন, পারাবত, কীর্তনখোলা, টিপু, দ্বীপরাজসহ ১৭টি বিলাসবহুল লঞ্চ ঈদ উপলক্ষে দুবার ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশালে আসবে। এসব লঞ্চের কেবিনের টিকিট অগ্রিম দেওয়ার জন্য ১০ জুন থেকে স্লিপ দেওয়া হয়েছে। যাঁরা স্লিপ জমা দিতে পেরেছেন তাঁরাই অগ্রিম টিকিট পেয়েছেন। আগামী ১৪, ১৫ ও ১৬ জুলাই স্লিপ অনুযায়ী টিকিট দেওয়া হয়েছে। এর বাইরে অগ্রিম টিকিট দেওয়ার সুযোগ নেই বলে লঞ্চমালিকেরা জানিয়েছেন।
লঞ্চযাত্রী মো. মাহবুবুর রহমান গতকাল মঙ্গলবার বরিশাল সদরে অবস্থিত সুরভি লঞ্চ কাউন্টারে অগ্রিম টিকিটের জন্য গিয়েছিলেন। কিন্তু তাঁকে বলে দেওয়া হয়েছে কোনো অগ্রিম টিকিট নেই। একইভাবে টিকিট না পেয়ে ফিরে গেছেন আমিনুল ইসলাম, হাবিবুর রহমানসহ আরও অনেকে।
সাধারণ যাত্রীদের অভিযোগ, প্রতিবছর লঞ্চমালিকেরা অগ্রিম টিকিট দেওয়ার নামে স্লিপ জমা নেন। কিন্তু সবাই ওই স্লিপ নিতে পারে না। বেশির ভাগ স্লিপ সংগ্রহকারী সিন্ডিকেট চক্র। তারা লঞ্চমালিকদের সঙ্গে যোগসাজশে টিকিট নিয়ে বেশি দামে বিক্রি করে।
আসাদুজ্জামান নামে এক যাত্রী বলেন, লঞ্চের স্টাফরা বিভিন্ন নামে স্লিপ দিয়ে টিকিট নিয়ে নেন। পরে ওই টিকিট কালোবাজারে দ্বিগুণ-তিন গুণ দামে বিক্রি করেন তাঁরা।
কালোবাজারে টিকিট বিক্রির এই অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় লঞ্চ মালিক সমিতির সহসভাপতি ও সুন্দরবন লঞ্চের মালিক সাইদুর রহমান। তিনি বলেন, প্রকৃত যাত্রীরা যাতে টিকিট পায়, সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখা হয়।
সুরভী গ্রুপ অব নেভিগেশনের পরিচালক রেজিন উল কবির বলেন, ঈদের সময় কেবিনের চাহিদা অনেক গুণ বেড়ে যায়। কিন্তু লঞ্চগুলোতে কেবিনের সংখ্যা কম থাকায় অগ্রিম টিকিট দেওয়া হয়। এ জন্য ১০ জুন থেকে অগ্রিম টিকিটের জন্য যাত্রীদের কাছ থেকে স্লিপ নেওয়া হয়েছে। ১৬ জুন থেকে স্লিপের অগ্রিম টিকিট দেওয়া শুরু হয়েছে। বর্তমানে সব টিকিট বিক্রি শেষ।
যোগাযোগ করলে বিআইডব্লিউটিএর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, সুরভী ও সুন্দরবনের টিকিট কিছুটা কম কালোবাজারে যায়। অন্য সব লঞ্চের বেশির ভাগ টিকিট কালোবাজারিদের হাতে চলে যায়। টিকিট কালোবাজারিদের সঙ্গে লঞ্চ কর্তৃপক্ষ ছাড়াও নগরের প্রতিষ্ঠিত কিছু লোক জড়িত। এসব ব্যক্তি নিজেদের নামে একাধিক টিকিট সংগ্রহ করেন। পরে তা বেশি দামে বাইরে বিক্রি করে দেন। এসব কারণে সাধারণ যাত্রীরা টিকিট থেকে বঞ্চিত হয়। তবে টিকিট কালোবাজারি ঠেকাতে বিআইডব্লিউটিএ লঞ্চমালিক ও পুলিশ প্রশাসনের সহযোগিতা চেয়েছে।
এ বিষয়ে বিআইডব্লিউটিএ বরিশালের উপপরিচালক ও বন্দর কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, লঞ্চমালিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে গত সোমবার বৈঠক হয়েছে। বৈঠকে টিকিট কালোবাজারি ঠেকাতে সর্বাত্মক সহযোগিতা চাওয়া হয়েছে। কালোবাজারে টিকিট বিক্রি ঠেকাতে প্রতিদিন পুলিশের সহযোগিতা নিয়ে অভিযান চালানো হবে।